ভিএআরের সিদ্ধান্তে স্বস্তি, আগের ম্যাচগুলো নিয়ে আক্ষেপ ভুটান কোচের
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এসে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার করেছে আয়োজকরা। নতুন সংযোজন স্বস্তি দিয়েছে ভুটানকে। সেমিফাইনালে প্রযুক্তিটির সহায়তায় নিজেদের পক্ষে সিদ্ধান্ত আসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির কোচ গ্যারি ফিলিপস। তবে আগের রাউন্ডগুলোতে ভিএআর না থাকায় আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এবং দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন এই কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে গ্যারি ফিলিপস বলেন, ‘আগের রাউন্ডগুলোতে ভিএআর ছিল না, এটা দুর্ভাগ্যজনক। কেন ছিল না, তা আমি জানি না। তবে আজ রাতে এখানে ভিএআর ছিল বলে আমরা ভাগ্যবান। কারণ, আমরা এর সুবিধা পেয়েছি।’
প্রযুক্তিটির ব্যবহারকে ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন ভুটান কোচ। সেমিফাইনালে সিদ্ধান্ত নিজেদের পক্ষে আসায় খুশি হলেও পুরো প্রক্রিয়া নিয়ে তার কিছুটা অসন্তুষ্টি রয়েছে। তবে রেফারির সিদ্ধান্ত সঠিক হয়েছে বলেই মনে করেন তিনি।
ফিলিপসের ভাষায়, ‘এটাই ফুটবল, এটাই ভবিষ্যৎ। অবশ্যই আমি খুব খুশি। সবাই গোল করতে পারে, আর হ্যাঁ, আমি খুশি। পরিবর্তন নিয়ে আমি সন্তুষ্ট নই, তবে সিদ্ধান্তটি সঠিক হয়েছে বলে খুব খুশি। অবশ্যই রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’
ভুটান ফুটবলের সীমাবদ্ধতা তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ফিলিপস। তার মতে, বাংলাদেশের মতো অন্য দলগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ পেলেও ভুটানের সেই সুযোগ হয়নি। স্থানীয় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ মোকাবিলা করাও কঠিন।
বলেছেন, ‘তারা স্থানীয় প্রতিযোগিতায় খেলছে, তাই কাজটা কঠিন। বাংলাদেশের মতো অন্য দলগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, কিন্তু আমাদের সেই সুযোগ হয়নি। আমি ক্লাব ফুটবল দেখছি, যা আপনারা জানেন, আন্তর্জাতিক ফুটবলের তুলনায় অনেকটাই গড়পড়তা। তাই আগে আসার সুযোগ হয়নি।’
তবে সীমাবদ্ধতার মধ্যেও দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট ফিলিপস। এই টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করে তিনি জানিয়েছেন, বর্তমান দলটির আরও উন্নতি করার সামর্থ্য রয়েছে।
বলেছেন, ‘আমাদের একসঙ্গে সময় কাটাতে হবে। এখন আমাদের সামনে মার্চের শেষ কিংবা এপ্রিল পর্যন্ত কী কী চ্যাম্পিয়নশিপ আছে? এরপর আমাদের বিরতি থাকবে। আশা করি, খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবার সুযোগ পাবে এবং আবার মাঠে ফিরে আসতে পারবে।’






