হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই, বৃহস্পতিবার দুপুরে ‘নয় নম্বর বিপদ সংকেত’

জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন শুক্রবার (১৩ নভেম্বর)। নন্দিত এই লেখকের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দায় থাকছে বিশেষ আয়োজন।
এর অংশ হিসেবে জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির পুরো দৃশ্যধারণ করা হয়েছে নুহাশ পল্লীতে। হুমায়ূন আহমেদের নিজস্ব ভাবনা ও নির্মাণশৈলীতে তৈরি এই সিনেমায় উঠে এসেছে হাস্যরস, পারিবারিক সম্পর্ক ও মানুষের বিচিত্র স্বভাবের গল্প। নুহাশ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্যও সিনেমাটিকে দিয়েছে আলাদা মাত্রা। গল্পের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ।
হুমায়ূন আহমেদের নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য ছিল সাধারণ জীবনের ঘটনা ও চরিত্রের মধ্য দিয়ে অসাধারণ হাস্যরস তৈরি করা। ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমাতেও সেই পরিচিত নির্মাণভঙ্গির দেখা মেলে। সংলাপ, চরিত্রের আচরণ ও পরিস্থিতির নাটকীয়তায় দর্শকের জন্য তৈরি হয়েছে বিনোদনের ভিন্ন এক আবহ।
সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীনসহ অনেকে।
‘নয় নম্বর বিপদ সংকেত’-এর গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। গানগুলোর কথা লিখেছেন হুমায়ূন আহমেদ। পাশাপাশি চলচ্চিত্রটিতে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গান।






