ফুটবল

হামজাকে দশে ‘দশ’ দিয়ে ডুলি বললেন তার চেয়ে ‘ভালো’ অধিনায়ক আর নেই

হামজাকে দশে ‘দশ’ দিয়ে ডুলি বললেন তার চেয়ে ‘ভালো’ অধিনায়ক আর নেই

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় সাত বছর পর কোনো দলকে চার গোল দিয়েছে বাংলাদেশ দল। প্রথমার্ধে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। সেখানে তাকে প্রশ্ন করা হয় হামজার প্রথম অধিনাকত্ব এবং দুর্দান্ত গোল ও পারফরম্যান্সের মূল্যায়ন কিভাবে করবেন? তাকে কত নাম্বার দিতে চান। তখন ডুলি জানান, দশে দশ দিতে চান তিনি।

সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘দশ এ দশ! কারণ ও অসাধারণ খেলেছে! আর কী আশা করবেন? ও কি পাঁচটা গোল করবে? টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পরিকল্পনা করছিলাম। সহকারী কোচদের সাথে কথা বলে বলেছিলাম, অন্যরা কী ভাববে জানি না, তবে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। ৬ এবং ৮ নাম্বার পজিশনে আমাদের অনেক বেশি আঁটসাঁট হতে হবে। হামজার স্বভাবই হলো ও সবাইকে সাহায্য করতে চায়।’

‘ইংল্যান্ডে ও পেছনের পজিশনে খেলে, সেখানে ও কেবল নিজের জায়গাতেই মনোযোগ দেয় যা চমৎকার। কিন্তু আমাদের দলে ওকে পুরো মাঠ জুড়েই দৌড়াতে হতো। আমি ওর ওপর থেকে এই অতিরিক্ত চাপটা কমিয়ে ওকে নির্দিষ্ট একটি জায়গায় মনোযোগ দিতে বলেছি। ১০ নম্বর ভুমিকায় ও যা খুশি করতে পারে। ও চাইলে নিচে নেমে সাহায্য করতে পারে, পেছনে আমরা গোছানো থাকব এবং ওকে বল বানিয়ে দেব; আর ও সামনের খেলোয়াড়দের নেতৃত্ব দেবে। পরিকল্পনাটা মাঠে শতভাগ কাজে লেগেছে এবং আমি এতে দারুণ খুশি।’

হামজাকে অধিনায়ক করা নিয়ে ডুলি জানান, ‘আমি দায়িত্ব নেয়ার পর শুনেছিলাম ও নাকি অধিনায়ক হতে চায় না। সেই কারণেই জামাল বা অন্য কেউ অধিনায়কত্ব করেছে। সান মেরিনোতে বিরতির সময় জামালকে তুলে নেয়ার পর আমি হামজাকে আর্মব্যান্ড দিতে চেয়েছিলাম, কিন্তু ও সেটা তপুর কাছে পাঠিয়ে দেয়। এর মানে আমাকে যা বলা হয়েছিল যে ও অধিনায়ক হতে চায় না, সেটা ঠিকই ছিল। আর আমি সেটা বুঝি, এতে কোনো সমস্যা নেই।’

‘যাই বলুক না কেন, অন্য খেলোয়াড়রা এমনিতেই ওকে অনুসরণ করে। তাই আর্মব্যান্ড অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে এবার তপু ছিল না, জামাল খেলেনি এবং সাদও চোট পেয়ে ছিটকে গেছে; তাই ওকে জিজ্ঞেস করায় ও জানাল যে দায়িত্বটি পেলে ওর ভালোই লাগবে। আর আমি তো বলব হামজার চেয়ে ভালো অধিনায়ক আর হতেই পারে না। তাই আমি আশা করি ও যখনই খেলবে, অধিনায়ক হয়েই খেলবে। এটা গুরুত্বপূর্ণও। কারণ ও রেফারির সাথে ভালোভাবে কথা বলতে পারে এবং মাঠে ওর মতো একজন তারকার উপস্থিতি দলের জন্য ভীষণ মূল্যবান।’

বিষয়:জামাল ডুলি তপু বাংলাদেশ সাদ সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…