ফুটবল

মাঝরাতে তদন্তের মেইল, সাফের উপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলঙ্কার কোচ

মাঝরাতে তদন্তের মেইল, সাফের উপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলঙ্কার কোচ

সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। তবে সেটি ছাপিয়ে আয়োজক সাফের উপর ক্ষোভ ঝেড়েছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাফের আগের ইতিহাস টেনে এনে বিভিন্ন প্রেক্ষাপটের তুলনা করেছেন। একইসাথে সাফের লিগ্যাল অফিসারকে একহাত নিয়েছেন এ কোচ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেই বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দলকে অভিনন্দন জানান ৪৫ বর্ষী কুয়েতি কোচ। এরপর সাংবাদিকদের প্রশ্ন করার আগে নিজেই নিজের অবস্থান তুলে ধরতে থাকেন। এরপর সাফের হেড অব লিগ্যাল অফিসার তানজিম আহমেদকে একহাত নেন।

আবদুল্লাহ আল মুতাইরি বলেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। ভুটান, ভারত ও মালদ্বীপকে অভিনন্দন। এবার উপভোগ করুন। সাফ আমার বিরুদ্ধে তদন্ত করছে। এখন, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের কি ২০২৩ সাফ এর ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে আছে? কী হয়েছিল সেখানে?’

‘ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করেছিলেন (ধাক্কা দিয়েছিলেন), তাই না? আপনারা জানেন সাফ তখন কী বলেছিল? ‘না, না, সে তো আগে বিশ্বকাপ খেলেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সামান্য কয়েকটা কথার জন্য তারা আমাকে মাঝরাতে ইমেইল পাঠায়। এই যে সেই ইমেইল। মাঝরাতে! মাঝরাতে কেন?

ভারতের প্রতি সাফের স্বজনপ্রীতির অভিযোগ তুলে মুতাইরি বলেন, ‘অভিনন্দন তানজিম! আপনি খুব ভালো কাজ করছেন। আচ্ছা, ২০২৩ সালে প্রতিযোগিতাটা কে আয়োজন করেছিল? ভারত। আপনারা কি জানেন, যখন আয়োজক হওয়ার জন্য দেশগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল, তখন একমাত্র কোন দেশ আবেদন করেছিল? নেপাল। সাবেক সাধারণ সম্পাদক মিস্টার আনোয়ারুল হক কী বলেছিলেন জানেন? স্পনসর প্রতিষ্ঠানের একটাই শর্ত ছিল টুর্নামেন্ট ভারতে হতে হবে। বাহ্!’

‘ভারত কোচ যখন পাকিস্তান ম্যাচে লাল কার্ড পেলেন, ঠিক তো? থেমে যান, কোনো সমস্যা নেই। এক ম্যাচ (নিষেধাজ্ঞা), কোনো ব্যাপার না। তারা তাকে শাস্তি দিতে চায় না, কোনো সমস্যা নেই। সে ইউরোপিয়ান, সে ভারতের কোচ, তাকে কে আটকাবে? তাই কোনো সমস্যা নেই! তৃতীয় ম্যাচে সে কুয়েতের খেলোয়াড়দের সাথে মারামারি করল। আপনারা জানেন সাফ কী করেছে? (দুইটা রেড কার্ড) ৫০০ ডলার (জরিমানা)!’

‘সত্যিই বলছি! অথচ আপনারা আমাকে পাঠাচ্ছেন যে আমাকে ছয় মাস কিংবা এক বছরের জন্য নিষিদ্ধ করবেন? ম্যাচের মাঝরাতে! কেন? কেন? আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়: তারা বলছে আমি নাকি সাফের বিরোধী। আমি কি ইমেইলটা পড়ে শোনাতে পারি, ওর ইমেইলটা? যাই হোক, আমি ফারহানের জার্সি আগেই নিয়ে নিয়েছি।’

এরপর সাফ থেকে পাঠানো মেইল পড়ে শোনান মুতাইরি, ‘সাফ লক্ষ্য করেছে যে, আমি রেফারিংয়ের কিছু নির্দিষ্ট সিদ্ধান্তের সমালোচনা করেছি এবং ভিএআর এর দাবি জানিয়েছে। ভুটানের পারফরম্যান্সের প্রশংসা করেছে এবং বলেছে যে বিষয়টি ফেয়ার প্লে সংক্রান্ত ছিল, এটি বাংলাদেশ কিংবা সাফের বিরুদ্ধে কিছু নয়। সে বলেছে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রতি কোনো পক্ষপাতের উদ্দেশ্য তার ছিল না। গতবার আমি বলেছিলাম যেকোনো আয়োজক দেশের কথাই, তাই না?’

‘কোনো গালাগালপূর্ণ বা অপমানজনক ভাষা ব্যবহার করিনি… ইংরেজিতে শব্দটা কী যেন? অ্যাবিউসিভ। তো আমি যদি কোনো অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহার নাই করে থাকি, তবে আমাকে মাঝরাতে ইমেইল পাঠালেন কেন? ছয় মাসের নিষেধাজ্ঞা! ১০,০০০ ডলার!’

‘আমি কী করেছি? ভারত কোচ পাকিস্তানের খেলোয়াড়কে গায়ে হাত দিল—’না, না, সে তো বিশ্বকাপ খেলেছে, কোনো সমস্যা নেই।’ আমি শুধু একটাই কথা বলব: সাফ যদি ফুটবলের উন্নয়ন চায়, তবে তাদের একটাই কাজ করা দরকার কেবল ফুটবল খেলা।’ নিজের অবস্থান তুলে ধরেন মুতাইরি।

বিষয়:তানজিম পাকিস্তান ফারহান বাংলাদেশ ভারত মুতাইরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…