উদ্বোধনীতে নাঈম নাকি মাহফিজুল, একাদশ নিয়ে রহস্য রাখলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। তাতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। সাউথ আফ্রিকা সিরিজে তার বিকল্প হিসেবে দলে ফিরেছেন নাঈম শেখ। একইসঙ্গে প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। জোহানেসবার্গে প্রথম টেস্টে উদ্বোধনীতে তানজিদ তামিমের সঙ্গে কাকে দেখা যাবে, এমন প্রশ্নে অবশ্য রহস্য রেখে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রোববার জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে শান্ত উইকেটের ধরন, বোলিং পরিকল্পনা, ব্যাটিংয়ের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ভালোর পারফরম্যান্স করে স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহফিজুল। তার প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘ফার্স্ট ক্লাস ক্রিকেটে ও (মাহফিজুল) যেভাবে পারফর্ম করেছে, তাতে এই দলে আসা ওর প্রাপ্য। পাশাপাশি নাঈম শেখও এসেছে। গত কয়েক বছর ধরে ও প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছে। দুজনই ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে। আমরা জানি কাকে খেলাব। তবে এটা আপাতত আমাদের মধ্যেই থাক।’
সাউথ আফ্রিকার উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। জোহানেসবার্গেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। সে কারণে পেসনির্ভর বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা বাংলাদেশের। শান্তর আভাস, একাদশে তিন পেসারের সঙ্গে থাকতে পারেন একজন বিশেষজ্ঞ স্পিনার।
বলেছেন, ‘তিন পেসার অবশ্যই থাকবে। সঙ্গে একজন স্পিনারও থাকা উচিত। কারণ অস্ট্রেলিয়াতেও স্পিনাররা ভালো অবদান রেখেছে, বিশেষ করে মিরাজ। তাই ওই কম্বিনেশনে আমরা যেতে পারি। তবে আরও এক দিন সময় আছে। সকালে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’
কন্ডিশন অনুযায়ী পেসারদের বাড়তি দায়িত্ব পালনের কথাও মনে করিয়ে দিয়েছেন শান্ত। তবে স্পিনারদের কাছ থেকেও কার্যকর সহায়তা চান তিনি। বলেছেন, ‘এখানে পেস বোলাররা কিছুটা সহায়তা পাবেই। পাশাপাশি আমাদের স্পিনাররা এ ধরনের কন্ডিশনে বোলিংয়ের অভিজ্ঞতা রাখে। পেসারদের দায়িত্ব একটু বেশি থাকবে। স্পিনাররা যদি তাদের সহায়তা করতে পারে, তাহলে ভালো একটি ম্যাচ উপহার দিতে পারব।’





