ঢাকার বাসা থেকে স্বর্ণ চুরি, ভোলায় জুয়েলার্সে বিক্রির সময় ধরা

ছবি: সংগৃহীত
ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আঃ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও টাকা ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে চুরি করা হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নূর জুয়েলার্সে চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. আঃ আলীর সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। এ ছাড়া ব্যাগে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি এবং একটি তামার ব্রেসলেট পাওয়া যায়। এসব স্বর্ণালংকারের বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাসলিম নামের এক ব্যক্তির বাসা থেকে চুরি করা হয়েছিল। পরে সেগুলো ভোলায় এনে বিক্রির চেষ্টা করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঢাকায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত মালিকানা নিশ্চিত করা এবং চুরির ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।






