বাতিল হলো লাকি আলীর বাংলাদেশ সফর

তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের কাছে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হলো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর। ঢাকা ও চট্টগ্রামে ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার দুটি কনসার্ট।
বুধবার (১১ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ আয়োজনটি বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত কনসার্ট দুটি আর অনুষ্ঠিত হচ্ছে না। একই সঙ্গে বিক্রি হওয়া সব টিকিটও বাতিল ঘোষণা করা হয়েছে।
টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, ইতিমধ্যে যেসব দর্শক রিফান্ডের আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের ইমেইলে পাঠানো রিফান্ড বার্তায় ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ফেরত নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আগামী ১৬ নভেম্বরের মধ্যে রিফান্ডের অনুরোধ জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে টিকিট কেনার সময় যে কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করা হয়েছিল, সেখানেই অর্থ ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে সময় লাগতে পারে ৭ থেকে ১০ কর্মদিবস।
আকস্মিক এই কনসার্ট বাতিলের ঘটনায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি সহযোগিতা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
উল্লেখ্য, ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই আয়োজনের প্রথম কনসার্টটি ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং পরদিন ১৩ নভেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে হওয়ার কথা ছিল। দুটি কনসার্টেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।
আয়োজকদের দেয়া পোস্টে কনসার্ট বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।





