ফুটবল

সেমিফাইনালের সাথে ‘খাবার ভালো নয়’ চিন্তাও ভারত কোচের

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সেমিফাইনালের সাথে ‘খাবার ভালো নয়’ চিন্তাও ভারত কোচের

সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল ভারত। ১৫তম আসরে খেলতে এসে দলটি উঠে গেছে সেমিফাইনালে। ফাইনালের মঞ্চ খুঁজতে প্রতিপক্ষ ভুটান। সেমি হওয়ায় ম্যাচ সহজ হবে না, বলছেন ভারত কোচ নওশাদ মুসা।

শুক্রবার সকালে অনুশীলন করেছে ভারত। প্রথমে সংবাদ মাধ্যমে কথা বলতে খানিকটা টালবাহানা করেন দলটির কোচিং স্টাফ ও খেলোয়াড়রা। পরে অনুশীলন শেষে কথা বলেন সেমির লড়াই নিয়ে।

ভুটানকে হারিয়ে ফাইনালে যাওয়ার প্রত্যয় নিয়ে ভারত কোচ নওশাদ বলেন, ‘আমরা কোন প্রতিপক্ষ পাবো তা আমার হাতে নেই। এটি নির্ভর করে নির্দিষ্ট দিনে একটি দল কেমন খেলে তার উপর। তাই আমার কাছে এখন ভুটানের উপরই মূল মনোযোগ। আমরা কীভাবে ভুটানের বিপক্ষে ভালো ফুটবল খেলতে পারি এবং ম্যাচ জেতার চেষ্টা করতে পারি, সেটাই এখন গুরুত্বপূর্ণ।’

‘বাংলাদেশের আবহাওয়ার সাথে আমাদের দেশের আবহাওয়ার বেশ মিল রয়েছে। শুধু পর্যাপ্ত অনুশীলন সেশন পাওয়া যায়নি এটাই একমাত্র চিন্তার বিষয়। তবে খেলোয়াড় এবং এমন পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই হবে; কারণ ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ঠিক এমন সীমিত সময়ই পাওয়া যায়। তাই খেলোয়াড় হিসেবে মানিয়ে নেয়াটা জরুরি।’

সাফের দেয়া খাবার নিয়ে সমস্যার কথা আগেই জানিয়েছিলেন নওশাদ। সমাধান হয়েছে কিনা সেটি নিয়ে বলেন সবশেষ, ‘এখন পর্যন্ত কিছু করা হয়নি। তবে সাফ আমাকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টি সমাধান হয়ে যাবে।’

ভুটানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নওশাদ বলেছেন, ‘দেখুন, এটি কোন সহজ ম্যাচ হতে যাচ্ছে না। আর আবারও বলছি, এটি নির্ভর করে সেই নির্দিষ্ট দিনে আমার দল কেমন পারফর্ম করে তার উপর। সবকিছু তার উপরই নির্ভর করছে। আর এটি ফুটবল, আগে থেকে কিছু বলা যায় না। এটি আমার হাতে নেই; সেই নির্দিষ্ট দিনে আমার দল কেমন অনুভব করছে এবং কীভাবে খেলছে সেটাই আসল। তবে হ্যাঁ, আমরা অবশ্যই ম্যাচটি জেতার চেষ্টা করতে চাই। আমরা সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

বিষয়:ঢাকা নওশাদ মুসা ভারত ভুটান সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…