লক্ষ্য চ্যাম্পিয়ন হলে প্রতিটি ম্যাচ ‘ফাইনাল’ বলছেন সাফজয়ী আমিনুল

বাংলাদেশ সবশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। সেবার বাংলাদেশ দলের গোলবার আগলে রেখেছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আবারও বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে। এ আসরে চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে প্রতিটি ম্যাচ ফাইনাল হিসেবে দেখতে হবে বলছেন তিনি।
একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় যে প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের জন্য ফাইনাল। এ কথাটি গতকালকেও আমি আপনাদেরকে বলেছি। কারণ আমার যদি লক্ষ্য চ্যাম্পিয়ন হয়, লক্ষ্য যদি ফাইনাল হয় তাহলে আমাকে প্রতিটি ম্যাচই খেলতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে।’
‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে যে কৌশলে খেলেছে সেটা কোচ ভালো বুঝবেন। কারণ পাকিস্তানের খেলা ইতিমধ্যে তিনি দেখেছেন। পাকিস্তানকে মনে করি শক্তিশালী একটি দল এবং তাদের বিপক্ষে আমাদের যে কৌশল হওয়া উচিত এবং কোন পরিকল্পনা নিয়ে খেলবে সেটা ম্যাচ ডে’তেই কোচ সিদ্ধান্ত নেবেন।’
দলের চোট সমস্যা নিয়ে অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে স্বর্ণজয়ী সাবেক এ খেলোয়াড় বলেন, ‘দলে চোটের কিছু সমস্যা রয়েছে। এটি ফুটবল ম্যাচ এবং খেলতে গেলে চোটের সমস্যা থাকবে। আমি মনে করি, আমাদের বিকল্প যারা আছে তারা প্রত্যেকেই সেরা একাদশে খেলার মতো সামর্থ্য রাখে। সুতরাং আমার মনে হয় না যে চোটের সমস্যাটি খুব বেশি সমস্যা হবে।’
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপের দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনাল ম্যাচ দুটি হবে ১৪ নভেম্বর। প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান। এরপর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-পাকিস্তান।






