প্রথমবার ভিএআর ব্যবহার করতে চলেছে সাফ

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ আসর বসেছে বাংলাদেশে। এ আসর দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি ব্যবহার হতে চলেছে। ভিএআরের ব্যবহার সাউথ এশিয়ার ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক, এমন মনে করছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬এর আসরে গ্রুপপর্বের ম্যাচগুলোতে ভিএআর ব্যবহার করা হয়নি। আগে থেকেই নির্ধারিত ছিল সেমিফাইনাল এবং ফাইনালে ভিএআর প্রযুক্তি বাস্তবায়ন করা হবে। এ পদ্ধতির ব্যবহার প্রতিযোগিতাকে আধুনিক আন্তর্জাতিক রেফারিং মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ করে তুলবে।
আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) এবং সাফের পারস্পরিক সহযোগিতায় ভিএআর প্রবর্তন সম্ভব হয়েছে। এ পদ্ধতিটি পরিচালনা করবে স্পেনের ফিফা-সার্টিফাইড প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ যার কেন্দ্রীয় কার্যক্রম থাইল্যান্ডে অবস্থিত। এটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সমাধান প্রদানে খ্যাতি অর্জন করেছে।
দূরবর্তী ভিএআর মডেলের অধীনে, ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে লাইভ ম্যাচের ফুটেজ থাইল্যান্ডের একটি কেন্দ্রীভূত ভিএআর অপারেশনস কেন্দ্রে পাঠানো হবে। সেখানে সার্টিফাইড ভিডিও ম্যাচ অফিশিয়ালরা ঘটনাগুলো পর্যালোচনা করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী মাঠের রেফারিদের সহায়তা দেবেন। সিদ্ধান্তগুলো ঢাকায় ম্যাচ অফিসিয়ালদের কাছে পাঠানো হবে।
পদ্ধতিটির কার্যক্রম সহজতর করার লক্ষ্যে, জাতীয় স্টেডিয়ামে একটি সুসজ্জিত ‘রেফারি রিভিউ এরিয়া’ এবং ‘টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর’ (TOTAM) স্থাপন করা হয়েছে। ম্যাচ চলাকালীন ভিএআর অবকাঠামোর নিরবচ্ছিন্ন সম্প্রচার ও কার্যক্রম নিশ্চিত করতে ‘কোয়ালিটি’ বিভাগের কারিগরি বিশেষজ্ঞরা সরাসরি স্টেডিয়ামে কাজ করছেন।
এই বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও জোরদার করতে, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য নির্বাচিত সকল রেফারি এবং সহকারী রেফারিদের ভিএআর পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তারা এ বিষয়ে সনদপ্রাপ্ত। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই প্রযুক্তির কার্যকর ও সুসংগত প্রয়োগ নিশ্চিত হবে।
ভিএআর এর ঐতিহাসিক প্রয়োগের নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘ভিএআর এর প্রবর্তন দক্ষিণ এশীয় ফুটবলের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত এবং আমাদের প্রতিযোগিতাগুলোর পেশাদার মান উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অঞ্চলে প্রযুক্তিটি নিয়ে আসার ক্ষেত্রে বড় সহায়তার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং আসিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
‘আধুনিক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভিএআর; এটি ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অধিকতর নির্ভুলতা নিশ্চিত করে এবং নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ক্রীড়াসুলভ সততার নীতিগুলোকে আরও সুদৃঢ় করে। আমরা বিশ্বাস করি, এই মাইলফলকটি কেবল ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর মানই উন্নত করবে না, বরং দক্ষিণ এশিয়া জুড়ে উন্নত ফুটবল প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের পথও প্রশস্ত করবে ‘





