অর্থনীতি

২০১৯ এর নভেম্বরে পেঁয়াজ নিয়ে ছিল হাহাকার, এ নভেম্বরে কী অবস্থা?

২০১৯ এর নভেম্বরে পেঁয়াজ নিয়ে ছিল হাহাকার, এ নভেম্বরে কী অবস্থা?

সাত বছর আগে নভেম্বর মাসের এই সময়ে পেঁয়াজের দাম নিয়ে দেশে হইচই পড়ে গিয়েছিল। কেজি ২৫০ টাকা ছুঁয়ে যাওয়ায় বাজারে ছিল ক্রেতার হাহাকার, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ আর ট্রলের বন্যা। বিয়েতে উপহার হিসেবেও দেওয়া হয়েছিল পেঁয়াজ। সেই নভেম্বর ফিরে এসেছে আবার। তবে চিত্র একেবারেই আলাদা। এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাজারে দেশি পেঁয়াজের দাম মাত্র ৪০ থেকে ৫৫ টাকা। ২০১৯ সালের একই সময়ের তুলনায় প্রায় ৭৮ শতাংশ কম।

পেঁয়াজ কাটলে চোখে পানি আসে, এটাই স্বাভাবিক। কিন্তু ২০১৯ সালের নভেম্বরে পেঁয়াজ না কেটেও চোখে পানি এসেছিল সাধারণ মানুষের। বাজারে গিয়ে দাম শুনে দীর্ঘশ্বাস ফেলেছেন ক্রেতারা। রান্নার খরচ সামলাতে কেউ পেঁয়াজের ব্যবহার কমিয়েছেন, কেউ এক কেজির বদলে কিনেছেন ১০০ কিংবা ২৫০ গ্রাম। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পেঁয়াজ হয়ে উঠেছিল হাস্যরস, ব্যঙ্গ আর ক্ষোভের অন্যতম বিষয়।

২০১৯ সালের ১৩ নভেম্বর রাজধানীতে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ওঠে ১৮০ টাকায়। ১৪ নভেম্বর কোনো কোনো বাজারে তা পৌঁছে যায় ২২০ টাকায়। ১৫ নভেম্বর ২৪০ থেকে ২৫০ টাকা। পরদিনও কোনো কোনো খুচরা বাজারে ২৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রির খবর আসে।

সাত বছর পর নভেম্বরের একই সময়ের বাজারে স্বস্তির চিত্র। কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির ১২ নভেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, ঢাকায় দেশি পেঁয়াজের খুচরা দাম প্রতি কেজি ৪০ থেকে ৫৫ টাকা।

অর্থাৎ, ২০১৯ সালের আজকের দিন ১৪ নভেম্বরের ২২০ টাকার সঙ্গে বর্তমান দামের গড় দাম সাড়ে ৪৭ টাকা তুলনা করলে দাম কমেছে প্রায় ৭৮ দশমিক ৪ শতাংশ।

যেভাবে ২০১৯ সালে পেঁয়াজ হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু

২০১৯ সালের নভেম্বরের পেঁয়াজ সংকট শুধু বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মানুষের দৈনন্দিন কথাবার্তা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম; সবখানেই আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছিল পেঁয়াজ।

দাম এতটাই বেড়েছিল যে, পেঁয়াজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছিল নানা রসিকতা। কোথাও পেঁয়াজকে মূল্যবান উপহারের সঙ্গে তুলনা করা হচ্ছিল, কোথাও ব্যঙ্গ করা হচ্ছিল বাজার পরিস্থিতি নিয়ে।

এই ব্যঙ্গ একপর্যায়ে বাস্তব অনুষ্ঠানেও জায়গা করে নেয়। ২০১৯ সালের ১৫ নভেম্বর কুমিল্লার একটি বৌভাত অনুষ্ঠানে বরের বন্ধুরা পাঁচ কেজি পেঁয়াজ উপহার দেন। তখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল প্রায় ২০০ টাকা। ১৮ নভেম্বর নারায়ণগঞ্জেও বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজ উপহার দেওয়ার খবর প্রকাশিত হয়।

যে পেঁয়াজ সাধারণত রান্নাঘরের অপরিহার্য উপকরণ, সেই পেঁয়াজই তখন হয়ে উঠেছিল অভিনব উপহার আর সামাজিক প্রতিবাদের প্রতীক।

ট্রলের আড়ালে ছিল সাধারণ মানুষের কষ্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতা যতটা আলোচিত হয়েছিল, বাস্তবের কষ্ট ছিল তার চেয়েও বেশি। ২০১৯ সালের ১৭ নভেম্বর প্রকাশিত ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনে শান্তিনগর বাজারের ক্রেতা শিউলি বেগমের কথা উঠে আসে। এক কেজি পেঁয়াজ কেনার পরিকল্পনা থাকলেও অতিরিক্ত দামের কারণে তিনি কিনেছিলেন মাত্র ২৫০ গ্রাম।

দ্য ডেইলি স্টারের ১৬ নভেম্বরের প্রতিবেদনেও উঠে আসে একই চিত্র। রাজধানীর কিছু বাজারে ক্রেতারা ১০০, ২০০ কিংবা ২৫০ গ্রাম করে পেঁয়াজ কিনছিলেন। অনেকে রান্নায় পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছিলেন।

অন্যদিকে, টিসিবির কম দামে পেঁয়াজ বিক্রির ট্রাকের সামনে তৈরি হয়েছিল দীর্ঘ সারি। ১৭ নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, আট সদস্যের পরিবারের জন্য পেঁয়াজ কিনতে সকাল থেকে অপেক্ষা করেও এক ব্যক্তি মাত্র এক কেজি পেঁয়াজ পান।

২০১৯ সালের পেঁয়াজ সংকট তাই কেবল বাজারদরের অস্বাভাবিক উল্লম্ফন ছিল না; সেটি ছিল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, বাজার ব্যবস্থাপনা এবং নিত্যপণ্যের সরবরাহ নিয়ে গভীর উদ্বেগেরও প্রতিফলন।

এবার নভেম্বরের চিত্র সম্পূর্ণ ভিন্ন

২০১৯ সালের সেই অস্থির পরিস্থিতির বিপরীতে ২০২৬ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজের দাম বেশ সহনীয় পর্যায়ে রয়েছে।

ঢাকার খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫৫ টাকা কেজি। বিপরীতে একই সময়ের কাছাকাছি ২০২৫ সালে দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। ২০২৪ সালে ১৩০ থেকে ১৫০ টাকা এবং ২০২৩ সালে ১২০ থেকে ১৩০ টাকা।

২০২২ সালের ১১ নভেম্বর পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা, আর ২০২১ সালের ১৩ নভেম্বর ছিল ৫৫ থেকে ৬৫ টাকা।

ফলে গত কয়েক বছরের নভেম্বরের বাজারদর পর্যালোচনায় দেখা যায়, ২০১৯ সালের পাশাপাশি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও পেঁয়াজের উচ্চমূল্য ছিল। তুলনায় ২০২১, ২০২২ ও ২০২৬ সালের একই সময়ে দাম ছিল অনেক কম।

২০২৬ সালের দামের মধ্যবর্তী মান ধরে হিসাব করলে ২০২৪ সালের তুলনায় দাম প্রায় ৬৬ দশমিক ১ শতাংশ এবং ২০২৫ সালের তুলনায় ৫৮ দশমিক ৭ শতাংশ কম।

নভেম্বর এলেই কেন পেঁয়াজের বাজারে চাপ?

পেঁয়াজের বাজারে নভেম্বর মাসের অস্থিরতার পেছনে রয়েছে মৌসুমি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রধান মৌসুমের পেঁয়াজ বছরের একটি বড় সময় ধরে সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয়। অক্টোবর ও নভেম্বর নাগাদ পুরোনো পেঁয়াজের মজুত কমে আসে। অন্যদিকে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে পর্যাপ্ত পরিমাণে আসতে আরও কিছুটা সময় লাগে।

এই মধ্যবর্তী সময়ে সরবরাহের চাপ তৈরি হলে দাম বেড়ে যেতে পারে।

এর সঙ্গে রয়েছে সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা। পর্যাপ্ত আধুনিক সংরক্ষণসুবিধা না থাকায় উৎপাদিত পেঁয়াজের একটি অংশ নষ্ট হয়। পাশাপাশি আমদানি পরিস্থিতি, পরিবহনব্যয় এবং পাইকারি ও খুচরা বাজারের সরবরাহ ব্যবস্থাপনাও দামে প্রভাব ফেলে।

২০১৯ সালের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত। ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলে বাংলাদেশের বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ে। এর সঙ্গে যুক্ত হয় প্রতিকূল আবহাওয়া ও বাজারের অস্থিরতা।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত উড়োজাহাজে পেঁয়াজ আমদানির উদ্যোগও নিতে হয়েছিল।

পেঁয়াজের স্বস্তি কি অন্য পণ্যেও?

২০১৯ সালের নভেম্বরের সেই অভিজ্ঞতা বাংলাদেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনার একটি বড় দুর্বলতা সামনে এনেছিল। আমদানিনির্ভরতা, সংরক্ষণের সীমাবদ্ধতা এবং সরবরাহের অনিশ্চয়তা কীভাবে একটি সাধারণ পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, তার বড় উদাহরণ হয়ে আছে সেই সংকট।

সাত বছর আগে যে নভেম্বরে পেঁয়াজের দাম শুনে মানুষের দীর্ঘশ্বাস পড়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গিয়েছিল ক্ষোভ আর ট্রলে, সেই নভেম্বরেই এবার পেঁয়াজের বাজারে স্বস্তি। ২০১৯ সালের ২৫০ টাকার পেঁয়াজের বিপরীতে ২০২৬ সালের দ্বিতীয় সপ্তাহে দাম ৪০-৫৫ টাকা। প্রশ্ন একটাই: পেঁয়াজে স্বস্তি থাকলেও অন্য পণ্যে কি সেটা মিলছে?

বিষয়:ট্রল পেঁয়াজ পেঁয়াজ সংকট বাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…