গোপালগঞ্জ

রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা

রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানায়, তারা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেমেছেন।

রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা
ছবি: সংগৃহীত।

আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাটগাতী, গিমাডাঙ্গা ও কুশলী এলাকায় সড়কে এ অবরোধ ও মহড়া চলে। এসব এলাকায় অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নেতা-কর্মীরা। এ সময় ওই তিন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এ ছাড়া খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ছিলেন। তাদের মুক্তির দাবিতে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পরে সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।

একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও আগুন দেওয়া হয়।

সংসদ সদস্য জিলানীর ভাই হায়দার আলী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার থেকে পাঁচশ নেতা-কর্মী মিছিল নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। প্রথমে ভাঙচুর ও লুটপাটের পর বাড়িতে আগুন দেওয়া হয়। হামলাকারীরা তার ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ ছাড়া ফ্রিজ, টেলিভিশন, ফ্যান ও ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

বিষয়:অবরোধ আওয়ামী লীগ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা সংসদ সদস্য এস এম জিলানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…