ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর ছেড়ে দিল ডিবি

ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের এক নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের নেতা রাফায়েল উল্লাহ (২৩) কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে তিনি। পুলিশের দাবি, নাশকতায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল। পরে তার ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
রাফায়েলের বাবার অভিযোগ, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে থামাতে একটি পক্ষ ভয় দেখাতেই ছেলেকে আটক করেছে বলে মনে করেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে করিম উল্লাহ বলেন, কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।
করিম উল্লাহ বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট স্থাপন এবং নদী ও প্যারাবন দখলের বিরুদ্ধে তিনি সোচ্চার। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণার কথা ছিল তার।
তিনি আরও বলেন, পুলিশের সন্দেহ ছিল তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা ও জুলাই-যোদ্ধা, এ পরিচয় জানার পর পুলিশের একজন কর্মকর্তা তাকে ফোন করে ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর বেলা ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে রাফায়েল উল্লাহকে থানায় আনা হয়। পরে তিনি ছাত্র ইউনিয়নের নেতা বলে পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, রাফায়েলকে থানায় আনার পেছনে বিচ কার্নিভ্যাল বা অন্য কোনো কারণ নেই। পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতেই ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।






