রাজনীতি

টোকাইদের দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ: রিজভী

টোকাইদের দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ: রিজভী

দিল্লি, কলকাতা ও ব্যাংককে বসে পতিত আওয়ামী লীগ দেশের ভেতরে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি ও নাশকতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের লুটপাটের রাজত্ব ফিরিয়ে আনার স্বপ্ন এ দেশের মানুষ কখনোই বাস্তবায়ন হতে দেবে না।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে আওয়ামী লীগের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দিচ্ছে। আর দেশের ভেতরে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের গাড়িতে বোমা হামলা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বোমা ও ককটেল হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত বলে তিনি মনে করেন। আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের রাজত্ব ফিরিয়ে আনতেই এসব নাশকতার মাধ্যমে দেশে প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সে জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের লুটপাটের রাজত্ব ফিরিয়ে আনার কোনো স্বপ্নই দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন ভাসানী।

রিজভী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তবে এখনও তার পূর্ণাঙ্গ জীবনী রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিষয়:আওয়ামী লীগ রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…