ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এসময় তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। একপর্যায়ে মিছিল থেকে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এসময় রাজু মোল্লাকে একা পেয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের ছোড়া ককটেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।





