গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে অবরোধ চলছে

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (১৮ নভেম্বর) ও চলছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেও সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধকারীরা অবস্থান নেন।
নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।
এদিকে শহরের চৌরঙ্গী ও নীলফাবাজার মোড়ে অবরোধ চলাকালে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।






