বিনোদন

ভালোবাসার মানুষ ছেড়ে কোথায় চলেছেন রাজ?

‘লাপাত্তা লেডিস’ এর গল্পকারের চিত্রনাট্যে ‘লিম্বো’ নির্মাণ করতে চলেছেন ‘ন ডরাই’ নির্মাতা অংশু

ভালোবাসার মানুষ ছেড়ে কোথায় চলেছেন রাজ?

মহাকাশ নির্ভর চলচ্চিত্র নির্মাণের খবর দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার জানালেন মহাকাশ যাত্রায় তার প্রথম সঙ্গীর খবর। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে যুক্ত হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

রাজের জন্মদিনেই এই খবর প্রকাশ করে চমকে দিয়েছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে..!’ একই ক্যাপশনে এই যোৗথযাত্রার কথা শেয়ার করেছেন শরিফুল রাজও।

‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল এফেক্টস ও নির্মাণ পরিকল্পনা নিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ভালোবাসার মানুষ ছেড়ে কোথায় চলেছেন রাজ?আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, “রাজকে নেওয়ার কারণ হচ্ছে, ‘ন ডরাই’ করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।”

অংশু আরও বলেন, “‘ন ডরাই’-এর পর থেকেই ইচ্ছা ছিল রাজের সঙ্গে দ্রুত আরেকটি প্রজেক্ট করার। সেভাবে আমাদের বেশ কয়েকবার কথাও হয়েছিল। ‘লিম্বো’র গল্প এবং রাজ যে চরিত্রটি অভিনয় করবে, সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য ওর অভিনয়ের দক্ষতা বিবেচনায় আমার কাছে রাজই সবচেয়ে ভালো অপশন ছিল। সে কারণেই তাকে নেওয়া।”

‘ন ডরাই’-এর পর আবারও অংশুর পরিচালনায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। অভিনেতা বলেন, “অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তার সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তার সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।”

ভারতের ‘লাপাত্তা লেডিস’খ্যাত গল্প ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন। নিজের বক্তব্যে তার প্রসঙ্গও তুলে ধরলেন রাজ।

“এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।”

এদিকে, শুধু পোস্টারই নয়, প্রকাশ করেছেন সিনেমাটির একটি টিজারও। সেখানে লাল আঁচল ওড়ানো এক রহস্যময় নারীকে দেখা গেছে। আর পেছনে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান।

ভালোবাসার মানুষ ছেড়ে কোথায় চলেছেন রাজ?টিজারের ক্যাপশনেও গল্পের রহস্য কিছুটা উন্মোচন করেছেন নির্মাতা। লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’

ক্যাপশন ও দৃশ্যায়ন মিলিয়ে ‘লিম্বো’র গল্পে প্রেম, বিচ্ছেদ আর মহাকাশযাত্রার এক রহস্যময় মেলবন্ধনের ইঙ্গিত পাওয়া যায়।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘লিম্বো’ দিয়েই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। এর আগে ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছিলেন তিনি। নতুন সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে ভিন্নধর্মী এক জনরা ও নির্মাণভাষা হাজির করার প্রত্যাশা তাঁর।

বিষয়:অংশু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তানিম রহমান রাজ লিম্বো শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…