যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা নিয়ে বিতর্কের মধ্যে ট্রাম্প প্রশাসন আবারও অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ির ঘোষণা দিয়েছে। ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে নতুন উদ্যোগে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় (ডিওএল) এইচ-১বি ভিসা বরাদ্দে তদারকি জোরদার ও যোগ্য আমেরিকানদের চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডিওএল জানায়, কর্মী নিয়োগে বৈষম্য রোধ ও এইচ-১বি ভিসার অপব্যবহার ঠেকাতে তারা ইইওসি, ন্যায়বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডি-রেমার বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো “উচ্চ দক্ষ আমেরিকান কর্মীদের অধিকার, মজুরি ও সুযোগ রক্ষা করা” এবং ভিসা অপব্যবহার করলে নিয়োগদাতাদের জবাবদিহির আওতায় আনা।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এইচ-১বি ইস্যুতে ট্রাম্পের “সূক্ষ্ম ও বাস্তবধর্মী” অবস্থান রয়েছে। তিনি আমেরিকান কর্মীর পরিবর্তে বিদেশিদের নিয়োগ সমর্থন করেন না, তবে উচ্চ দক্ষ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে এনে শিল্প ও প্রযুক্তিখাতে প্রাথমিক পর্যায়ে সহায়তার পক্ষে।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প চান বিদেশি বিনিয়োগকারীরা প্রথমদিকে বিশেষায়িত প্রকল্পে দক্ষ কর্মী আনতে পারে, তবে দীর্ঘমেয়াদে আমেরিকানদেরই সেই চাকরিতে দেখতে চান।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি ও শুল্ক ব্যবস্থার কারণে বিশাল বিনিয়োগ আসছে, যা দেশেই নতুন কর্মসংস্থান তৈরি করছে।







