দেড় মাসে সৌদিগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারের ২৫টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এসব ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকেই তাদের বহন করা হয়নি।
এর আগে হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করে। পরে স্থগিতাদেশের সময়সীমা আরও বাড়ানো হয়।





