ভুয়া অভিবাসন পরামর্শে কঠোর হচ্ছে কানাডা, জরিমানা সর্বোচ্চ ১৫ লাখ ডলার

ছবি: সংগৃহীত
কানাডায় অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শের নামে প্রতারণা, জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে কঠোর আর্থিক জরিমানার বিধান চালু করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন পরামর্শ বা প্রতিনিধিত্ব করলে কমপক্ষে ৫ হাজার ডলার জরিমানা হতে পারে। গুরুতর ও বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে এক নোটিশে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত হতে পারে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে নতুন বিধান কার্যকর হয়েছে। অপরাধের ধরন ও গুরুত্ব, অনিয়মের মাধ্যমে অর্জিত আর্থিক সুবিধা এবং আগের অপরাধের ইতিহাস বিবেচনায় জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন বা নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলে ভিত্তিমূল্যের জরিমানা ৫ হাজার ডলার। আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা এ ধরনের তথ্য দিতে সহায়তা করলে ভিত্তিমূল্যের জরিমানা ১৫ হাজার ডলার। এ ছাড়া আইআরসিসির তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করলে ১০ হাজার ডলার জরিমানা হতে পারে।
তবে অপরাধের গুরুত্ব, এর ফলে হওয়া ক্ষতি, অনিয়মের মাধ্যমে অর্জিত আর্থিক সুবিধা এবং অতীতের অপরাধের ইতিহাস বিবেচনায় জরিমানার পরিমাণ বাড়ানো হবে। একাধিকবার আইন লঙ্ঘন করলে প্রতিটি অপরাধের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে এক নোটিশে জরিমানার সর্বোচ্চ সীমা ১৫ লাখ ডলার।
এই বিধান শুধু অনুমোদনহীন বা ভুয়া অভিবাসন পরামর্শকদের জন্য নয়। কানাডায় লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালট্যান্ট, আইনজীবী ও অন্যান্য অনুমোদিত প্রতিনিধিদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। এমনকি কানাডার বাইরে অবস্থান করে অর্থের বিনিময়ে দেশটির অভিবাসন বা নাগরিকত্ব বিষয়ে পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন পরামর্শ দেওয়া, আবেদনকারীর কাছ থেকে জেনেশুনে ভুল বা অসম্পূর্ণ তথ্য সংগ্রহ করা, মিথ্যা তথ্য দিয়ে আবেদন তৈরি করা এবং আবেদনকারীকে ভুল তথ্য দিতে উৎসাহিত করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
অনিয়মকারীদের নাম প্রকাশ করা হবে
নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, আইন লঙ্ঘনের দায়ে জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা। এ লক্ষ্যে ২০২৭ সালে আইআরসিসির ওয়েবসাইটে একটি অনলাইন তালিকা চালুর পরিকল্পনা রয়েছে।
ওই তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, কী ধরনের আইন লঙ্ঘন করা হয়েছে, জরিমানার পরিমাণ এবং তা পরিশোধ করা হয়েছে কি না, এসব তথ্য প্রকাশ করা হবে। এতে অভিবাসনপ্রত্যাশীরা কোনো পরামর্শক বা প্রতিনিধির বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা যাচাই করতে পারবেন।
তবে অভিযোগ উঠলেই কাউকে দোষী সাব্যস্ত করা হবে না। আইআরসিসি তদন্তের পর প্রাথমিক নোটিশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের মধ্যে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন। জরিমানার চূড়ান্ত নোটিশ দেওয়ার পরও ৩০ দিনের মধ্যে স্বাধীন পর্যালোচকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা যাবে।
কানাডা সরকারের মতে, অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা এবং অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোই নতুন বিধানের মূল লক্ষ্য।
এ অবস্থায় কানাডায় অভিবাসন বা নাগরিকত্বের আবেদন করতে আগ্রহীদের কোনো পরামর্শককে অর্থ দেওয়ার আগে তার পেশাগত অনুমোদন ও লাইসেন্স যাচাই করার পরামর্শ দিয়েছে আইআরসিসি।





