আন্তর্জাতিক

ইরানে আবারও হামলার সিদ্ধান্ত নিতাম, অনুশোচনা নেই ট্রাম্পের

ইরানে আবারও হামলার সিদ্ধান্ত নিতাম, অনুশোচনা নেই ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে আবারও দৃঢ় অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে রিপাবলিকান পার্টি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না। তার দাবি, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ধাক্কা খেয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নতুন করে সুযোগ পেলে তিনি আবারও ইরানে হামলা চালাতেন কি না।

জবাবে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, অবশ্যই সেই সিদ্ধান্ত নিতেন। কারণ হিসেবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর প্রয়োজনীয়তা।

ট্রাম্প বলেন, ইতিহাসের বিচারে ইরানে সামরিক অভিযানকে একটি ভালো সিদ্ধান্ত হিসেবে দেখা হবে। যদিও স্বল্পমেয়াদে এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নেতিবাচক হতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। পারমাণবিক উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলেও দাবি করেন তিনি।

যুদ্ধ নতুন করে তীব্র হামলা করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি সংঘাত বাড়াতে চান না। তার মতে, এ মুহূর্তে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

ইরানের সঙ্গে একটি সমঝোতার সম্ভাবনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় ইরানকে আলোচনায় কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের বক্তব্য তার নিজের মূল্যায়ন। সাক্ষাৎকারে এ-সংক্রান্ত দাবিগুলোর স্বাধীন যাচাই উপস্থাপন করা হয়নি।

বিষয়:ইরান ট্রাম্প হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…