অর্থনীতি ভালো, কিন্তু মানুষের কাছে বোঝাতে পারিনি: ট্রাম্প

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে দাবি করলেও সরকারের সাফল্যের বার্তা সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে না পারার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে সরকারের দুর্বল রাজনৈতিক যোগাযোগকে দায়ী করেন তিনি।
ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ও কর্মসংস্থানের সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অবসরকালীন সঞ্চয় ও বিনিয়োগের মূল্যও বেড়েছে।
তবে সাংবাদিক রস ডাউথ্যাট প্রশ্ন তোলেন, অর্থনৈতিক সূচক এত ভালো হলে সাধারণ মার্কিন নাগরিকেরা জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তুষ্ট কেন।
জবাবে ট্রাম্প বলেন, সরকারের অর্থনৈতিক সাফল্যের তথ্য যথাযথভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এ ক্ষেত্রে নিজের যোগাযোগ কৌশলের দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি।
একই সঙ্গে মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকান প্রশাসনের ইতিবাচক কর্মকাণ্ড যথেষ্ট গুরুত্ব পায় না।
সিবিএস নিউজের বুথফেরত জরিপ অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের বড় অংশ অর্থনীতির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে জ্বালানি, খাদ্য, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয় ছিল তাঁদের উদ্বেগের কারণ।
তবে ট্রাম্প আশাবাদী, আগামী কয়েক মাসের মধ্যে তার প্রশাসনের অর্থনৈতিক নীতির সুফল সাধারণ মানুষ আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন।
মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় অর্থনৈতিক নীতি বাস্তবায়নেও ট্রাম্প প্রশাসনকে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।





