কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর প্রস্তুতি ভালোই সেরেছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের আসল মিশন। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ৯৯ নম্বরে থাকা শক্তিশালী লেবানন।
বৃহস্পতিবার সাফে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে লাল সবুজের দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় গড়াবে ম্যাচ। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ম্যাচ সামনে রেখে বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারনাটাকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ।
ভারতের মাটিতে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর লড়াইয়ে বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে লেবানন ছাড়া বাংলাদেশের অপর দুই প্রতিদ্বন্দ্বী দুবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ও ভুটান। জামালরা ২৫ জুন বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন মালদ্বীপের। ২৮ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে লাল-সবুজরা লড়বে ভুটানের বিপক্ষে।







