আন্তর্জাতিক

মিসরে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ আগুন, নিহত ৩১

মিসরে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ আগুন, নিহত ৩১

ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে গেছে দুই ডজনের বেশি গাড়ি ও মোটরসাইকেল।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যসূত্রে, কায়রোকে ঘিরে থাকা গুরুত্বপূর্ণ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসরের কর্তৃপক্ষ।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর কায়রোর অন্তর্গত গিজার ঘনবসতিপূর্ণ ওয়ারাক এলাকায় মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা জ্বলন্ত গাড়ি থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একাধিক গাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। এ সময় ঘটনাস্থলের আশপাশে শত শত মানুষ জড়ো হন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। নিহতের প্রকাশিত সংখ্যা প্রাথমিক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সড়ক নিরাপত্তার দুর্বলতার কারণে মিসরে প্রতিবছর দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের বেহাল দশা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের অভাব অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ।

চলতি বছরের জানুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের কাছে একটি সড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত ও ১৬ জন আহত হন।

বিষয়:জ্বালানি ট্যাংকার দুর্ঘটনা নিহত ভয়াবহ আগুন মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…