চাঁপাইনবাবগঞ্জ

ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তিসহ আরও ৩ আওয়ামী নেতা আটক

ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তিসহ আরও ৩ আওয়ামী নেতা আটক

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় আহত নাজমুল করিম ওরফে নুরুলকে রাজশাহীতে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।  এদিকে একই রাতে নগরের পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও যুবলীগের আরও তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। বিস্ফোরণের পর পালিয়ে রাজশাহী নগরের একটি বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এ সময় তার শরীরে স্যালাইন চলছিল। পরে তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তার একটি চায়ের দোকান রয়েছে। এসআরবি-৫-এর দাবি, এলাকায় তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে একজন নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। এ ঘটনায় আহত আরও তিনজন পালিয়ে যান। তাদের একজন নাজমুল।

আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বাসায় গিয়ে তার শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা বাসাটি ঘিরে অভিযান চালান।

বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার স্ত্রী তাকে বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করিয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় থাকার সময় নাজমুল তাকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং মোটরসাইকেলে করে তাকে সেখানে নেওয়া হয়।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হওয়ার পর আদালতে তোলা হবে।

এদিকে,গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতেই রাজশাহী নগরের পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন যুবদলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে নগরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ছাড়া রাত ১টার দিকে বর্ণালীর মোড় এলাকার একটি বাসা থেকে মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদকে আটক করেন যুবদল নেতা রবি। পরে তাকে মিষ্টি খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়:আওয়ামী লীগ চাপাইনবাবগঞ্জ মোহনপুরের কেশরহাট পৌরসভা যুবলীগ রাজশাহী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…