শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জড়ো হন তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তাকে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাতিয়া বানু শুকুর মরদেহ চারুকলার বকুলতলায় নেওয়া হয়। নিজেও এই অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি। ফলে তার প্রয়াণে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা।
পরে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তাকে। এ সময় সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শেষ বিদায় জানান এই নাট্যকার ও নির্মাতাকে।
শহীদ মিনারে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, আকরাম খান, হাবিবুল ইসলাম, চয়নিকা চৌধুরী, নূরুল আলম আতিক, নূর ইমরান মিঠু, কবি কামরুজ্জামান কামু, লেখক সুমন রহমান, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী স্বাগতা, সংগীতশিল্পী প্রবর রিপন ও নির্মাতা আকা রেজা গালিবসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মাতিয়া বানু শুকুর তিন সন্তানও।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা যান নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি: মিতুল আহমেদ






