অপরাধ

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমণ্ডি থেকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

দিবাগত রাত ২:৩০ মিনিটে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন উপস্থিত থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

আরও আটক হয়েছেন বরখাস্ত হওয়া ২০তম বিসিএসের মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

ধানমণ্ডি থেকে শাখাওয়াত মুনকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। ফেসবুক লাইভের ভিডিওতে তাকে মারধর করতেও দেখা যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিটিভির নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে কন্ট্রোলার ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কাজ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বিষয়:আটক ছাত্রদল মোহাম্মদপুর থানা শাখাওয়াত মুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…