বাফুফের নির্বাহী সভায় যা যা সিদ্ধান্ত হল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বুধবার নির্বাহী কমিটির সভা হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় ধরে চলা সভায় বেশ কিছু আলোচ্য সূচিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্থাটি। এ নির্বাহী সভায় বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি। বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে এ সাধারণ সভা। এছাড়াও সভায় আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় আগামী নারী ফুটবল লিগ, কংগ্রেস ও অবকাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নারী লিগ শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
নির্বাহী সভা শেষে আসন্ন নারী ফুটবল লিগের দলসংখ্যা নিয়ে কথা বলেছেন বাফুফে কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু। নারী লিগসহ সব আয়োজন ফিফার নিয়ম মেনেই পরিচালনা করা হবে বলেও জানান তিনি। বলেছেন, ‘আমাদের চিন্তা ১০টার নিচে দল আমরা করতে পারব না। হয়তো ১০টা হবে, আইদার ১২টা হবে।’
আগামী বছরের ৪ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাফুফের কংগ্রেস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ আয়োজনে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হওয়া অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানান নাসের শাহরিয়ার জাহেদী।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার সব ব্যয় বহন করবে বাফুফে। চিকিৎসা, অস্ত্রোপচার, থাকা ও যাতায়াতের পাশাপাশি প্রয়োজনে তাকে বিজনেস ক্লাসে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে জাহেদী বলেন, ‘সাদ আমাদের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। খেলতে গিয়ে সে চোট পেয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ফিফা সহযোগীতা করবে, এর অতিরিক্ত যদি কিছু লাগে, সেটা ফেডারেশন বহন করবে।’
অবকাঠামো উন্নয়নে কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটকে, আর সিলেটে হাইব্রিড মাঠ নির্মাণের প্রস্তুতিতে কৃষি ও বীজ-সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ফেডারেশন। পাশাপাশি বাফুফের মিডিয়া সেন্টারও শিগগিরই চালুর আশাবাদ ব্যক্ত করেছেন জাহেদী।
সভায় সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার বুলবুলের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং অসুস্থ নারী ফুটবল কোচ পিটার বাটলার ও তোফার সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া ফুটসালে দুটি শিরোপা জেতা নারী দল ও অনূর্ধ্ব-১৫ দলের সাফল্য এবং এএফসির দুটি পুরস্কার পাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে।





