এই প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল, হ্যাটট্রিকে ভারতের দশম নাকি পাকিস্তানের প্রথম

সাউথ এশিয়ান ফুটবলে নতুন ইতিহাসের অপেক্ষা। প্রথমবার ছেলেদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে ভারতের কাছে হ্যাটট্রিকসহ রেকর্ড দশম শিরোপার হাতছানি, অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পাকিস্তানের।
ভারত-পাকিস্তান ফুটবল প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ ইতিহাস থাকলেও জাতীয় পর্যায়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি। ঢাকার মাঠে শুধু একটি শিরোপার লড়াই নয়, লেখা হতে চলেছে সাফ ইতিহাসের নতুন অধ্যায়ও। রাত ৮টায় গড়াবে ফাইনাল মহারণ।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এপর্যন্ত ৯বার শিরোপা জিতেছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ এবং সবশেষ ২০২৩ আসরে শিরোপা জিতেছে। ভারত ২০২১ ও ২০২৩ সালে টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিকের অপেক্ষায়। পাকিস্তানকে হারাতে পারলে টানা তিন আসরে শিরোপা জয়ের পাশাপাশি দশমবার চ্যাম্পিয়ন হবে। ভারত এপর্যন্ত ১৫ আসরের মধ্যে ১৪টিতে শীর্ষ দুয়ের মধ্যে ছিল। একমাত্র ২০০৩ সালে ফাইনালে উঠতে পারেনি। ওই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।
সাফের ইতিহাসে পাকিস্তান এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। আগে চারবার সেমিফাইনালে খেলে ফাইনালে ওঠা হয়নি তাদের। ২০২৬ সালে প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্য এটি শুধু একটি ফাইনাল নয়, সাউথ এশিয়ার ফুটবলে অবস্থান নতুন করে প্রতিষ্ঠার সুযোগও। কাজটি করার জন্য মুখিয়ে আছেন দেশটির অধিনায়ক, সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন।
সাফ এবং অন্যান্য প্রতিযোগিতার পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। এপর্যন্ত দল দুটি ৩০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে, প্রথমবার ১৯৫২ সালে। ৩০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৭টিতে, পাকিস্তান জিতেছে মাত্র ৪টিতে, ড্র হয়েছে ৯ ম্যাচে। সাফে দেখার পরিসংখ্যানেও এগিয়ে ভারত। এখানে ভারত ১০ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে, হেরেছে মাত্র একটিতে, ড্র অন্যটি। এবারের আসরে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুরু করে ভারত। সাফে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছিল ২০০৩ সালে ঢাকায়। সেই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতকে ২-১ গোলে হারায় পাকিস্তান।
ভারত ফাইনালের পথে প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। এরপর সেমিতে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনারে পা রাখে নওশাদ মুসার শিষ্যরা। পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। সেমিতে স্বাগতিক বাংলাদেশকে স্বপ্নভঙ্গের স্বাদ দিয়ে ফাইনালে এসেছে।
র্যাঙ্কিংয়ের বিচারেও এগিয়ে ভারত। আসর শুরুর আগে ফিফা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল ১৩৮, পাকিস্তানের ১৯৭। র্যাঙ্কিংয়ে দুদলের মধ্যে ৫৯ ধাপের ব্যবধান। তবে ফাইনালের আগে পাকিস্তান দলে পাঁচ বংশোদ্ভুত খেলোয়াড় যোগ দিয়েছেন। দারুণ ফর্মে আছেন মিডফিল্ডার আলমগীর গাজী খান। ভারতকে ভোগাতে পারেন অধিনায়ক আবদুল্লাহ ইকবাল। ভারতের মূল দল নিউজিল্যান্ডে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাওয়ায় বয়সভিত্তিক দলের কোচ নওশাদ মুসার অধীনে এসেছে অনূর্ধ্ব-২৩ দল। ফরোয়ার্ড সুহাইল আহমেদ ভাট এপর্যন্ত সবোচ্চ ৩ গোল করেছেন।
বাংলাদেশ চতুর্থবার ছেলেদের সাফ আয়োজন করছে। লাল-সবুজের প্রতিনিধিরা ২০০৩ সালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম ও এপর্যন্ত একমাত্র সাফ শিরোপা জিতেছিল। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৯৫ সালে। মালদ্বীপ শিরোপা জিতেছে ২০০৮ ও ২০১৮ সালে। ২০১৩ সালে আফগানিস্তান একবার শিরোপা জিতলেও দলটি এখন সাফের সদস্য নয়। তিনটি দল এখনও শিরোপা জিতেতে পারেনি। নেপাল, ভুটান এবং পাকিস্তান। নেপাল একবার ফাইনাল খেললেও এ আসরের আগপর্যন্ত পাকিস্তান ও ভুটানের সর্বোচ্চ সাফল্য ছিল সেমি পর্যন্ত।
পাকিস্তান ফাইনালের ফেভারিট কিনা এমন প্রশ্নে ভারত কোচ নওশাদ বলেছেন, ‘আমাকে আগেও প্রশ্ন করা হয়েছে, কোন দলের বিপক্ষে খেলতে চাই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটবল খেলা। প্রতিপক্ষ কে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা যে দলকে দ্বিতীয় সারির দল বলছেন, আমি এটিকে দ্বিতীয় সারির দল মনে করি না। আমার ছেলেরা যেভাবে খেলেছে এবং ফাইনালে উঠেছে, তারা নিজেদের প্রমাণ করেছে। তাহলে কেন আমরা এটিকে দ্বিতীয় সারির দল বলব?’
অন্যদিকে পাকিস্তান কোচ নলবার্তো সোলানোকে ভারতের সঙ্গে পরিকল্পনা প্রশ্নে বলেছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের হয়েছে। ভারত এবং তাদের ফুটবলের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। বিশেষ করে গত ১০ থেকে ১৫ বছরে তারা যেভাবে এগিয়েছে, যেভাবে ফুটবলের উন্নয়ন করেছে, সেটি প্রশংসনীয়। তারা এখনও নিজেদের গড়ে তুলছে এবং ভালো অগ্রগতি করছে। তবে ফাইনাল সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। এবার আমাদের দলে আরও কয়েকজন খেলোয়াড় যোগ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে তাদের খেলাতে পারিনি, কারণ ফিফার আন্তর্জাতিক সূচি আমাদের মানতে হয়েছিল। পরে তারা দলে যোগ দিয়েছে। আমাদের জন্য পূর্ণ শক্তির দল পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবারও ভারতের মুখোমুখি হতে পেরে আনন্দিত। তবে ফাইনাল এমন একটি ম্যাচ, যেটি জিততে হয়। কারণ মানুষ বিজয়ীদেরই মনে রাখে। ইতিহাস গড়ার সুযোগ এখন আমাদের হাতে। ফাইনাল সবসময়ই কঠিন। কারণ এটি দেশের গৌরবের বিষয় এবং সবাই জিততে চায়।’





