ফিলিস্তিনের পতাকা-ব্যানারে উত্তাল ইউরোপা লিগ, খেলা বন্ধ ৩০ মিনিট

উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বেয়ের সেভার মুখোমুখি হয়েছিল তুরস্কের ক্লাব বেসিকতাস। ম্যাচে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ও পতাকা প্রদর্শন করে তুরস্কের ক্লাবটির সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সমর্থকদের তীব্র উত্তেজনা ও সংঘর্ষ ঘটে। ৩০ মিনিটের মতো খেলা স্থগিতও রাখতে হয়।
জর্জিয়ার বাতুমি শহরে নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে হাপোয়েল বেয়ের ও বেসিকতাসের ম্যাচ। ম্যাচের ২৬তম মিনিটে খেলা থামিয়ে দিতে হয় রেফারিকে। পুনরায় শুরু হলে শেষপর্যন্ত বেসিকতাস ২-১ ব্যবধানে জেতে।
তুরস্কের সংবাদমাধ্যমে খবর, বেসিকতাস সমর্থকরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন। এসময় জর্জিয়ার পুলিশ তাদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে। যার ফলে রেফারি খেলা থামিয়ে দেন। তখন ফলাফল ছিল গোলশূন্য।
বিবৃতিতে তুরস্কের ক্লাব বেসিকতাস অভিযোগ করেছে, জর্জিয়ার নিরাপত্তাবাহিনী ম্যাচের আগে ও চলাকালীন সমর্থকদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।
ক্লাবটি জর্জিয়ার নিরাপত্তা বাহিনীর উপর অভিযোগ তুলে বলেছে, ‘আমাদের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আমাদের সকল সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তুরস্কের ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরণের নিন্দা জানিয়েছে। বলেছে, সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। ফেডারেশন এ বিষয়ে একটি তদন্তের দাবি জানাবে।
এর আগে উয়েফার কাছে নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণে ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছিল তুর্কি কর্তৃপক্ষ। এরপর উয়েফা খেলা জর্জিয়ায় সরিয়ে নিয়েছিল।






