চ্যানেল আইয়ের দেওয়া স্বর্ণের গিটার পেয়ে উচ্ছ্বসিত রুনা লায়লা

জন্মদিনের সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সেখানে চ্যানেল আইয়ের একটি বিশেষ জন্মদিনের অনুষ্ঠানের নেপথ্যের মুহূর্তের ভিডিও শেয়ার করে চ্যানেল আই পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে জন্মদিনের উপহার হিসেবে পাওয়া খাঁটি সোনার তৈরি একটি গিটার নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এর নেপথ্যের ছবিতে সাজানো একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন রুনা লায়লা। পোস্টে লিখেন, ‘চ্যানেল আই টিভিতে জন্মদিনের বিশেষ পর্বের শুটিংয়ের নেপথ্যের কিছু মুহূর্ত। সবসময় এত আন্তরিকতা, ভালোবাসা আর উষ্ণতায় আমাকে ঘিরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় পরিবারের সবাইকে ধন্যবাদ, সবসময় পাশে থাকার জন্য।”
এসময় তিনি লিখেন,“জন্মদিনে আমাকে খাঁটি সোনার তৈরি একটি অপূর্ব সুন্দর গিটার উপহার দেওয়া হয়েছে। এই অসাধারণ উপহার ও ভালোবাসার জন্য আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ।”
জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামের বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানে শিল্পীর হাতে স্বর্ণের গিটারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ব্যতিক্রমী এই উপহার পেয়ে অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।
বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দেওয়া রুনা লায়লা দীর্ঘ সংগীতজীবনে উপহার দিয়েছেন নানা ভাষার ও ঘরানার গান। তার জন্মদিনে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন এবং স্বর্ণের গিটার উপহার নতুন করে আলোচনায় এনেছে শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক সুন্দর মুহূর্ত।
‘রুনা মহল’ পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা। অনুষ্ঠানটি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।






