গোপালগঞ্জে বিজিবি মোতায়েনের পর ৮ প্লাটুন আনসার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পর এবার জেলায় আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাতভর যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল থেকে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব গ্রহণ করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকাগুলোতে সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন থানার ১৫টির বেশি স্থানে পরিচালিত এ অভিযানে চারটি যৌথ বাহিনীর দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য অংশ নেন। ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে অভিযান চালানো হলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।
যৌথ বাহিনীর তথ্য অনুযায়ী, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকা এবং বিভিন্ন মিছিল-সমাবেশে লোকজন সংগঠিত করার অভিযোগ রয়েছে। অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধেও মিছিল-সমাবেশ আয়োজন, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া এবং সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
এদিকে মঙ্গলবার নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী জানান, ১৯ নভেম্বর ভোর থেকে জেলার পাঁচটি উপজেলার চারটি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে তারা কঠোর অবস্থান নেবেন।
এমন পরিস্থিতিতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।






