পড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতে দক্ষ হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
এ সময় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।
পরিবেশ সুরক্ষায়ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেখানে-সেখানে ময়লা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ এবং বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।






