বিনোদন

রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী

রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী

চার বছর বয়সে নাচের প্রতিই ছিল বেশি আগ্রহ। অথচ সেই ছোট্ট মেয়েটিই একদিন হয়ে ওঠেন উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। যার কণ্ঠে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম, যার গান ছড়িয়ে পড়েছে ভাষা ও দেশের সীমানা পেরিয়ে। তিনি রুনা লায়লা।

বাংলা গানের পাশাপাশি হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি থেকে শুরু করে নানা ভাষার গানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই কিংবদন্তি শিল্পী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার শৈশবের কিছু অজানা গল্প, যেখান থেকে শুরু হয়েছিল এক অসাধারণ সংগীতযাত্রা।

বছর আটেক আগে এক আড্ডায় নিজের ছোটবেলার নানা স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রুনা লায়লা। সেই আড্ডায় জানা যায়, চার বছর বয়সেও গানের প্রতি তেমন আগ্রহ ছিল না তার। বরং নাচ শিখতেই বেশি ভালো লাগত। বড় বোন দীনা লায়লাকে গান শেখাতে একজন ওস্তাদ বাড়িতে আসতেন। খেলার ফাঁকে বোনের পাশে বসে সেই ওস্তাদের গান শেখানো দেখতেন ছোট্ট রুনা। কখনো কখনো নিজেও সুরের সঙ্গে মিশে যেতেন।

একদিন সেই সংগীত শিক্ষকই রুনাকে গান শেখানোর পরামর্শ দেন তার মাকে। কারণ, এতটুকু বয়সেই তার অসাধারণ স্মৃতিশক্তি, সুর ও তালের প্রতি স্বাভাবিক দখল নজর কেড়েছিল ওস্তাদের। একবার শুনলেই গান তুলে ফেলতে পারতেন অনায়াসে। শিশুটির মধ্যে যে বড় এক শিল্পী লুকিয়ে আছেন, তা হয়তো সেদিনই আঁচ করেছিলেন তিনি।

তবে মেধাবী এই শিশুটি যে খুব নিয়ম মেনে চলতেন, তা নয়। নিজের শৈশবের কথা বলতে গিয়ে রুনা লায়লা জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি ছিলেন ভীষণ ফাঁকিবাজ। কিন্তু সংগীতের প্রতি ভালোবাসা কখন যে তাকে এতটা নিবেদিত করে তুলেছিল, তা নিজেও বুঝতে পারেননি।

এরপর শুরু হয় এক বিস্ময়কর যাত্রা। খুব অল্প বয়সেই প্লেব্যাকের মাধ্যমে পরিচিতি পেতে শুরু করেন রুনা লায়লা। সময়ের সঙ্গে তার কণ্ঠ হয়ে ওঠে উপমহাদেশের সংগীতের অন্যতম পরিচিত ও প্রিয় কণ্ঠ। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ও মা আমেনা লায়লার দ্বিতীয় সন্তান রুনা লায়লা নিজের প্রতিভা, সাধনা ও স্বতন্ত্র গায়কিতে জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়।

পাঁচ দশকের বেশি সময়ের সংগীতজীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, তিন দেশের সংগীতপ্রেমীদের কাছেই সমান জনপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী। তার কণ্ঠে যেমন প্রাণ পেয়েছে আধুনিক বাংলা গান, তেমনি হিন্দি ও উর্দু গানেও তৈরি হয়েছে আলাদা শ্রোতাগোষ্ঠী।

রুনা লায়লার অর্জনের ঝুলিও সমৃদ্ধ। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর স্বীকৃতি পেয়েছেন তিনি। সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই কিংবদন্তি।

তবে সব অর্জনের ঊর্ধ্বে তার কাছে বড় হয়ে থেকেছে শ্রোতাদের ভালোবাসা। সেই ভালোবাসাই তাকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও পরিচিত করেছে। ২০২৪ সালের জুনে চ্যানেল আই আয়োজন করে তার সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উদযাপন। দীর্ঘ এই পথচলা কেবল একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, বাংলাদেশের সংগীতের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অধ্যায়।

জন্মদিনে রুনা লায়লাকে ঘিরে চ্যানেল আইয়ের আয়োজনও থাকছে বিশেষ।

বিষয়:কিংবদন্তি গায়িকা চ্যানেল আই রুনা লায়লা শিল্পী সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…