বিনোদন

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। ‘রুনা মহল’ নামে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে শিল্পীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে শিল্পীর হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

রুনা লায়লা বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে তার অবদান রয়েছে। দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের জাদুতে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।

‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য জানা যাবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

বিষয়:চ্যানেল আই জন্মদিন রুনা মহল রুনা লায়লা সংগীতশিল্পী স্বর্ণের গিটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…