পার্শ্ববর্তী দেশের ইন্ধনে নাশকতা চালাচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ছবি: সংগৃহীত
পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে গোপনে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বোমাবাজি, ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে বিভিন্ন কায়দায় অরাজকতা ও নাশকতা চালাচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও যানবাহনে আগুন দিচ্ছে। এমনকি তৈরি পোশাকশিল্পেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনাকে বড় ধরনের নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গত পরশু নাশকতার উদ্দেশ্যে রেললাইনের এস-প্লেট খুলে নেওয়া হয়েছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে রিজভী বলেন, সংশ্লিষ্টরা শ্রমিকদের কারখানায় আসতে বাধা দিচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, চিহ্নিত দুষ্কৃতিকারীরা দেশের স্বার্থ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেও নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
রিজভী বলেন, নাশকতার প্রতিটি ষড়যন্ত্র ধরা পড়ছে এবং জড়িত ব্যক্তিরাও গ্রেপ্তার হচ্ছে। প্রতিদিনই বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ একের পর এক নাশকতাকারীকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।






