পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগ, আওয়ামী নেতাকর্মী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, নাশকতার কোনো পরিকল্পনা ছিল না। তারা মূলত পিকনিকের আয়োজন করতেই সেখানে জড়ো হয়েছিলেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ।






