‘ডিসেম্বর ঘিরে নাশকতার তথ্য নেই, তবু প্রস্তুত পুলিশ’

ছবি: সংগৃহীত
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের অপতৎপরতা হলে তা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে ভেজাল ওষুধ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই। তবে পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় ওষুধ তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, জব্দ করা ভেজাল ওষুধের মধ্যে শিশুদের ওষুধও রয়েছে। এসব ওষুধ কিছু চিকিৎসক প্রেসক্রাইব করছেন বলেও জানান তিনি।
এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কণ্ঠস্বরের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও কথা বলেন ডিবি প্রধান।
তিনি জানান, অডিওটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, সেটি ক্যান্টনমেন্ট থানার ওসির কণ্ঠস্বর। তবে তিনি কার সঙ্গে কথা বলেছেন, কী প্রেক্ষাপটে কথা বলেছেন এবং কোনো তথ্য পাচার করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, তদন্ত শেষে অডিওটির বিষয়ে বিস্তারিত জানা যাবে।






