স্বাস্থ্য

দূষিত বাতাসে বাড়ছে শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি

দূষিত বাতাসে বাড়ছে শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি

ছবি: সংগৃহীত

বায়ুদূষণ শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, মানবস্বাস্থ্যের জন্যও বড় ঝুঁকি। দূষিত বাতাসের প্রভাবে ফুসফুসের পাশাপাশি হৃদপিণ্ড, রক্তনালি ও মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে শ্বাসতন্ত্র ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। এমনকি স্ট্রোক ও ফুসফুস ক্যানসারের আশঙ্কাও তৈরি হতে পারে।
বিবিসি থেকে পাওয়া এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

বায়ুদূষণের অন্যতম ক্ষতিকর উপাদান পিএম ২.৫। এসব কণার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার কম। আকারে অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এগুলো নাক ও শ্বাসনালির স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা পেরিয়ে ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। সেখান থেকে প্রদাহসহ নানা শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণা ও রাসায়নিক উপাদান শরীরের বিভিন্ন অঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ফুসফুসে যেসব ক্ষতি হয়

বায়ুদূষণের সরাসরি প্রভাব পড়ে শ্বাসতন্ত্রে। দূষিত বাতাস শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে ব্রঙ্কোস্পাজম দেখা দেয়। ফলে শ্বাস নিতে কষ্ট, কাশি এবং শ্বাসের সঙ্গে শিসের মতো শব্দ হতে পারে।

আগে থেকে হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) থাকলে দূষিত বাতাসে রোগের উপসর্গ আরও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন পিএম ২.৫-এর সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতাও কমে যাওয়ার আশঙ্কা থাকে।

হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব

বায়ুদূষণের কারণে হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হতে পারে। রক্তনালিতে প্রদাহ এবং শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে। এতে কোষ ও কলার ক্ষতির পাশাপাশি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও তৈরি হয়।

অন্যদিকে, দূষিত বাতাসের দীর্ঘমেয়াদি সংস্পর্শ রক্তনালির ক্ষতি করতে পারে। এর ফলে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

যেসব লক্ষণ দেখা দিতে পারে

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে চোখে জ্বালাপোড়া, গলাব্যথা, দীর্ঘস্থায়ী কাশি, বুকে চাপ, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ হতে পারে।

হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ রোগের তীব্রতা বেড়ে যেতে পারে। সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বাড়তে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে শ্বাসনালিতে সংক্রমণের প্রবণতাও বাড়তে পারে।

দীর্ঘ সময় ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে হাঁপানি-সহ অন্যান্য সমস্যা বাড়তে পারে। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি সংস্পর্শে বাড়ে রোগের ঝুঁকি

বায়ুদূষণের দীর্ঘমেয়াদি প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে। হাঁপানি রোগীদের শ্বাসনালির প্রদাহ বাড়ে এবং রোগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। সিওপিডি রোগীদের ফুসফুসের কার্যক্ষমতা আরও কমে যেতে পারে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।

এ ছাড়া বায়ুদূষণ ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। শুধু ধূমপানই ফুসফুসের ক্যানসারের কারণ নয়, দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণার দীর্ঘমেয়াদি সংস্পর্শও এ রোগের অন্যতম ঝুঁকির কারণ।

ফুসফুসের ক্ষতি কি পুরোপুরি সেরে ওঠে?

বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, দূষিত বাতাসের সংস্পর্শে আসার কারণে ফুসফুসে যে সাময়িক প্রদাহ, ফোলাভাব ও শ্বাসনালি সংকোচন তৈরি হয়, তা অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য। দূষিত বাতাস থেকে দূরে থাকলে এসব উপসর্গ কমে আসতে পারে।

তবে ক্ষতির মাত্রা, দূষিত বাতাসে থাকার সময়কাল এবং আগে থেকে কোনো রোগ রয়েছে কি না, তার ওপর সুস্থ হয়ে ওঠার বিষয়টি নির্ভর করে। ফুসফুসের টিস্যুতে গুরুতর ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হলে তা দীর্ঘমেয়াদি সমস্যার কারণ হতে পারে।

কীভাবে চিকিৎসা করা হয়

বায়ুদূষণজনিত সমস্যার চিকিৎসা রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। শ্বাসনালি সংকুচিত হলে চিকিৎসকের পরামর্শে ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে। দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের ক্ষেত্রে পালমোনারি রিহ্যাবিলিটেশনও সহায়ক হতে পারে।

তবে বায়ুদূষণের সংস্পর্শে এলেই প্রতিরোধমূলকভাবে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশন নেওয়ার প্রয়োজন নেই। উপসর্গ ও পরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করা উচিত।

কখন হাসপাতালে যাবেন

দূষিত বাতাসের সংস্পর্শে আসার পর তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা শ্বাস নিতে গিয়ে পুরো বাক্য বলতে না পারার মতো সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের দেওয়া ওষুধ ব্যবহারের পরও উপসর্গ না কমলে চিকিৎসা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ থেকে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি এড়াতে দূষিত বাতাসের সংস্পর্শ যতটা সম্ভব কমানো এবং আগে থেকে শ্বাসতন্ত্র বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিষয়:ফুসফুস ক্যানসার বায়ুদূষণ স্ট্রোক স্বাস্থ্যঝুঁকি হৃদরোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…