বাংলাদেশ

বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনসহ নাশকতা

বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনসহ নাশকতা

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সোমবার রাত থেকে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসের আগুন নেভাতে গিয়ে শ্বাসকষ্টে এক চালকের মৃত্যু হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকাল সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় একটি মিছিল বের করা হয়। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঘটে গুলির ঘটনাও। সে সময় পুলিশের গাড়িসহ দু’টি যানবাহনে আগুন দেওয়া হয়।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীদের হাতে রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দেখা যায়।

এর আগে রাতে গোপালগঞ্জ জেলা শহরের ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাশকতায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুরে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে দাাড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিসংযোগের সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাসেই তার মৃত্যু হয়।

শরীয়তপুরে সোমবার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

চট্টগ্রামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের সিটি গেট এলাকা ও হাটহাজারীতে বাসে আগুন দেওয়া হয়।

খুলনার বিভিন্ন স্থানেও অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ভোরে তিনটি মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি কার্যালয়ে আগুন দেয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় গভীর রাতে দুটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে বাসে আগুন দেওয়ার সময় গুলিও চালানো হয়।

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অন্তত ৯টি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দু’টি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসেও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

পটুয়াখালীর মহাসড়ক ও বিভিন্ন ্উপজেলার আঞ্চলিক সড়কে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

এছাড়া সাভারের গেন্ডা এলাকা, কিশোরগঞ্জের বাজিতপুর ও বরগুনায় বাসে আগুন দেওয়া হয়েছে।

বিষয়:অগ্নি সংযোগ ককটেল বিস্ফোরণ নাশকতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…