শিরোপার শক্তিশালী দাবিদার হিসেবেই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইংল্যান্ড। দশ দলের আসরে বর্তমান শিরোপাধারীরা ‘বাজবল’ কৌশল অবলম্বন করে আবারো ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই ভারতে পা দিয়েছে। তারকা অলরাউন্ডার বেন স্টোকসেই একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন দলটিকে আরও বেশি করেছে বিপজ্জনক।
ওয়ানডে ও টি-টুয়েন্টির শিরোপাধারী দল হলেও বিষয়টি বিবেচনায় নিতে নারাজ জস বাটলার। ইংলিশ অধিনায়কের ভাষ্য, ‘আমরা একটি বিশ্বকাপ জেতার চেষ্টা করতে যাচ্ছি। আমরা নিজেদেরকে শিরোপাধারী হিসেবে দেখছি না।
‘এটা একেবারেই নতুন টুর্নামেন্ট এবং আমরা জানি আসরটা কঠিন হতে চলেছে। কারণ কিছু সেরা দল উপস্থিত রয়েছে। তবে আমরা সত্যিই একটি ভালো ও বিপজ্জনক একটা দল সেটা জানি। আমাদের মাঝে অনেক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে। নিজেদেরকে আমরা উজ্জীবিত করি।
চার বছর আগে ঘরের মাঠে ইয়ন মরগানের নেতৃত্বে ইংলিশরা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল। সেই দলের আট সদস্য এবারের টুর্নামেন্টেও রয়েছেন। মরগানের অবসরের পর থ্রি লায়নদের হয়ে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব পান জস বাটলার। গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের তার নেতৃত্বে ইংল্যান্ড হয় চ্যাম্পিয়ন।
এদিকে, বিশ্বকাপে ইংল্যান্ড শিরোপা ধরে রাখতে পারে বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। গণমাধ্যমকে বলেছেন, ‘তাদের টপ অর্ডারের ব্যাটারদের যে প্রতিভা রয়েছে। দুই-তিনজন বিশ্বমানের অলরাউন্ডার পেয়েছে। সবাই ব্যাটিং এবং বোলিংয়ে খেলা চিত্র বদলে দিতে পারে।’







