চেলসি-ফুলহ্যাম থেকে বাংলাদেশের ‘ওয়ান্ডার কিড’, ফারহানের গল্পটা জানুন

ঘরের মাঠে ফারহান আলি ওয়াহিদের প্রথম ম্যাচ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচ। ৫৩তম মিনিটে দেখা মিলল একটি গোলের, যে গোলটি অবিস্মরণীয় হয়ে থাকবে বহুকাল। ঢাকার জাতীয় স্টেডিয়াম তো বটেই, পুরো দেশকে উল্লাসে ভাসানো সেই গোলটি ১৯ বর্ষী ফরোয়ার্ড ফারহানের। একে একে লঙ্কানদের ছয় ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়ান। লাল-সবুজের জার্সিতে এটা ‘ওয়ান্ডার কিডের’ অভিষেক গোল নয়। দেশের জার্সিতে খেলে ফেলেছেন তিনটি ম্যাচ, গোল আছে আরও একটি, যেটি দেশের বাইরে করা। কীভাবে জাতীয় দলে এলেন, ইংল্যান্ডের কোন ক্লাব থেকে এসেছেন ফারহান, গল্পটাতে আরেকবার চোখ বোলানো যাক।
এ বছরেরই ২৫ সেপ্টেম্বর, ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফারহানের অভিষেক। আসরের দ্বিতীয় ম্যাচে মূল একাদশে ছিলেন না। প্রথম আন্তর্জাতিক গোলটি পান ১ অক্টোবর, আসরে বাংলাদেশের তৃতীয় ম্যাচে, জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচে বাংলাদেশ যদিও ৯-২ গোলে হেরেছিল। সাফে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় আন্তর্জাতিক গোলটি পেলেন। যা দিয়ে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড বংশোদ্ভূত ফারহান।
ফারহানের জন্ম ২০০৬ সালের ৯ ডিসেম্বর, ইংল্যান্ডে। বেড়ে ওঠা লন্ডনে হলেও তার বাবা-মা বাংলাদেশি। পৈতৃক সূত্রে তার শেকড় সিলেটে। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠার কারণে ইংল্যান্ড ও বাংলাদেশ, উভয় দেশের হয়ে খেলার যোগ্যতা ছিল। হামজা চৌধুরীকে আদর্শ মেনে এবং শেকড়ের টানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ফারহান।
ফারহানের ফুটবলে হাতেখড়ি ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসির যুব একাডেমিতে। ছিলেন ২০১৯ সাল পর্যন্ত। পরে অনূর্ধ্ব-১২ পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। সেখানে ফুটবলার হিসেবে বিকশিত হন। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করে নজর কেড়েছেন। অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন।
অভিষেক হয় ফুলহ্যামের মূল দলেও। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন ফারহান। ম্যাচের বিরতির পর ৪৬ মিনিটে উইঙ্গার কেভিনের পরিবর্তে মাঠে নামানো হয় তাকে। মূল দলের হয়ে অভিষেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন। মাঠে নেমে প্রতিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করেন। দূরপাল্লার একটি দারুণ বাঁকানো শট নেন, নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ চমৎকার দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন। ম্যাচে ২-০ গোলে হেরে যায় ফুলহ্যাম। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ফারহানের ৪৫ মিনিটের পারফরম্যান্স নজর কেড়েছিলেন।
চলতি বছরের অক্টোবরে ফুলহ্যাম এফসি’র ২০২৬ সালের একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার ‘জনি হেইন্স ট্রফি’ জিতেছেন বাংলাদেশের উঠতি তারকা উইঙ্গার। ফুলহ্যাম এফসি ফারহানের পুরস্কার জেতার কথা গৌরবের সাথে তুলে ধরে। ২০২৬/২৭ মৌসুমে ফুলহ্যাম তাকে এক মৌসুমের জন্য ইংল্যান্ডের পঞ্চমস্তরের ক্লাব বোরহ্যাম উডে ধারে পাঠায়। বোরহ্যাম উডের হয়ে অভিষেকেই জ্বলে ওঠেন এ ওয়ান্ডার কিড। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি এক গোল এবং এক অ্যাসিস্ট করেন।
ইংল্যান্ড থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর গল্পটা সহজ ছিল না ফারহানের। তাকে লাল-সবুজের জার্সিতে খেলানোর চেষ্টায় কোন কমতি রাখেনি বাফুফে। জন্মনিবন্ধন সনদ করানো ছিল প্রথম ধাপ। এরপর মেলে বাংলাদেশের পাসপোর্ট। এরপর এসেই বাংলাদেশের বিজয় কেতন ওড়াতে শুরু করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় গোলের পর ফারহানকে নিয়ে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিন ইয়ামাল। আসলে আমি চাই ফারহান তার নিজের প্রোফাইল (পরিচিতি) বড় করুক। তাকে অন্য খেলোয়াড়ের সাথে তুলনা করার দরকার নেই। কারণ যারা বাংলাদেশের সমর্থক আছে, সবাই বলে ‘আমার মেসি’, ‘আমার লামিন ইয়ামাল’। কিন্তু আমি চাই ওর নিজের নাম বড় করুক। কারণ এটা ফারহান আলির গোল। এটা অন্যকোন খেলোয়াড়ের গোল না, এটা ফারহান আলির।’ অর্থাৎ, সব পথ পেরিয়ে ফারহান দ্য ওয়ান্ডার কিড এখন ‘আমাদের’, বাংলাদেশের।





