অপরাধ

কোথাও ধরে পুলিশে সোপর্দ, কোথাও অভিযানে গ্রেপ্তার লীগ নেতাকর্মী

কোথাও ধরে পুলিশে সোপর্দ, কোথাও অভিযানে গ্রেপ্তার লীগ নেতাকর্মী

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তারের একাধিক ঘটনা ঘটেছে। কোথাও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন, আবার কোথাও অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছে রাজধানীর শান্তিনগরে। শুক্রবার রাতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন।

রুদ্রকে থানায় নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হয়। এ সময় যুবদল নেতা নয়নের একটি মন্তব্য আলোচনায় আসে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম।’

শনিবার রুদ্রকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যান বলে খবর পাওয়া গেছে।

একটি ঘটনায় মোহাম্মদপুরে আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের কাছে তুলে দেন। তবে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বাবর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রাজধানীর পল্লবীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহসভাপতি মো. আব্দুস সবুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর, লালবাগ ও আদাবরেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার মিরপুর, শনির আখড়া ও ডেমরার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ১৮ জনকে আটকের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ।

ওদিকে, কল্যাণপুরে বিস্ফোরণের ঘটনার পর পালিয়ে যাওয়ার অভিযোগে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতার সহায়তায় আটক করে ট্রাফিক পুলিশ। পরে তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়।

বিষয়:অভিযান গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশে সোপর্দ বিএনপি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…