ফুটবল

কেন বাংলাদেশ দলকে সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

কেন বাংলাদেশ দলকে সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে কোচ নলবার্তো সোলানোর দল। এমন একটি আসরের ফাইনালে উঠতে পেরে দলকে নিয়ে দারুন খুশি তিনি। তবে বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে দলকে সমর্থন করে যেতে বলেছেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সোলানো বলেন, ‘খেলোয়াড়দের অভিনন্দন, অভিনন্দন জানাই পুরো দলকে। আমরা জানি যে এই ফাইনালে পৌঁছানোর জন্য আমরা খুব কঠোর পরিশ্রম করেছি। আজকে বাংলাদেশের বিপক্ষে সত্যিই খুব কঠিন ম্যাচ ছিল। খুব ভালো দল, বেশ কিছু ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে তাদের দলে।’

‘আমাদের পরিকল্পনা খুব ভালো কাজ করেছে এবং আমরা জানতাম যে কীভাবে তাদের জন্য ম্যাচটি কঠিন করে তোলা যায়। সব মিলিয়ে আমাদের দল খুব ভালো খেলেছে। আমার খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ গর্বিত, তারা খুব ভালো খেলেছে।’

বাংলাদেশ দলকে সমর্থন করে যেতে বলে পেরুর সাবেক এ খেলোয়াড় বলেন, ‘সত্যি বলতে এই স্টেডিয়ামের পরিবেশটা দারুণ, আমার অনেক দিন এমন অনুভূতি হয়নি। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের দেখাটা দারুণ ব্যাপার। আমি জানি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে। তাই আপনাদের দেশের ফুটবলকে সমর্থন করে যান। এটা তো মাত্র একটা টুর্নামেন্ট, তবে আমার বিশ্বাস আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’

‘সত্যি বলতে ম্যাচটা বেশ জমজমাট ছিল, দুই দলই ভালো খেলেছে। ম্যাচের একটা সময়ে মনে হচ্ছিল যেকোনো দলই জিততে পারে। তবে আমাদের রক্ষণভাগ বেশ শক্ত ছিল। আপনি যদি দলটার দিকে তাকান, দেখা যাবে ওদের খুব স্পষ্ট দুটো সুযোগ ছিল। তবে আমরা খুব শক্ত অবস্থানে ছিলাম। আমাদের সুযোগ ছিল, কিন্তু ফুটবলে তো সবাই ভুল করতেই পারে। তবে ফাইনালে উঠতে পেরে এবং ফাইনালে জায়গা করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

হামজা চৌধুরীর প্রশংসা করে সোলানো আরও বলেন, ‘আমরা জানতাম হামজা একজন দারুণ খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। সে বল পায়নি, কারণ আমরা তাকে আটকে রেখেছিলাম। এটাই ছিল আমাদের পরিকল্পনা, যেন সে বল না পায়। কারণ সে অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়।’

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে সোলানো বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম ৪৫ মিনিটে আমরা তিন গোল হজম করি। কিছুটা সময় লেগেছে দলের মানিয়ে নিতে। কারণ আমি আগেই বলেছি আমরা পর্যাপ্ত প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ ছাড়াই খেলতে এসেছি। এ ধরনের টুর্নামেন্টে যেকোনো প্রস্তুতিহীন অবস্থায় খেলতে নামলে কিছু ভুল হওয়া স্বাভাবিক। তবে আমাদের রক্ষণভাগ শেষ ৮-১০ মিনিট খুব শক্তভাবে ম্যাচটি ধরে রেখেছিল। আমরা এই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত এবং ম্যাচটি দারুণ হবে। আমি তুলনা করতে পছন্দ করি না, ফুটবল মাঠে নিজেদের প্রমাণ করতে হয়।’

বিষয়:পাকিস্তান বাংলাদেশ ভারত সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ সোলানো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…