পাকিস্তানের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলছে বাংলাদেশ। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে থমাস ডুলির শিষ্যরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সেমির ম্যাচ কঠিন হবে, তবে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করবে বলছেন কোচ থমাস ডুলি।
শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ। তার আগে শুক্রবার শেষদিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন সংবাদকর্মীদের উপচে পড়া ভীড় ছিল বাংলাদেশের অনুশীলন কাভার করার জন্য। বাংলাদেশ এবং হামজা চৌধুরীর অনুশীলন দেখতে ছিল সমর্থকদেরও উপচে পড়া ভীড়।
অনুশীলন শুরুর আগে পাকিস্তান ক্যাম্পে যুক্ত হওয়া নতুন খেলোয়াড় সংক্রান্ত প্রশ্নে ডুলি বলেন, ‘আমি সবার বিষয়েই চিন্তিত। তবে আমাদেরও একটি শক্তিশালী রক্ষণভাগ আছে; এখন পর্যন্ত কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। এর অর্থ হল, ম্যাচ বাই ম্যাচ আমরা আরও শক্তিশালী হয়ে উঠছি। আর এ কারণেই আমি আমাদের রক্ষণভাগের ওপর আস্থা রাখছি।’
‘পাকিস্তান রক্ষণে খুবই শক্তিশালী এবং একজনের বিরুদ্ধে একজনের লড়াইয়ে দারুণ। আবারও বলছি, এখানে আমরা যে দলগুলোর বিপক্ষে খেলছি, আমি আগেও বহুবার বলেছি, এরা ইন্দোনেশিয়া নয়, কিংবা ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের কোনো দলও নয়। এরা আমাদেরই অঞ্চলের দল। তাই আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি। দিনশেষে বিষয়টি দাঁড়ায় কে জয়টা সবচেয়ে বেশি চায় তার ওপর। আজ রাতের টিম মিটিংয়েও আমরা এ নিয়ে কথা বলব।’
সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে ডুলি, ‘আমার একটি বার্তা আছে। স্টেডিয়ামে হয়তো ৮-৯ হাজার আসন ফাঁকা ছিল। সেই আসনগুলো পূর্ণ হলে খুব ভালো হতো। আপনাদের সমর্থন ও চিৎকার আমাদের খেলোয়াড়দের বাড়তি শক্তি জোগায়, যা শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। স্টেডিয়ামের পরিবেশটা দারুণ ছিল, প্রচুর সমর্থন পেয়েছি। তবে গ্যালারি আরও একটু পূর্ণ থাকলে আমরা আরও বেশি উপকৃত হব।’
সাফে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গ্রুপপর্বে দলটি হেরেছিল চীরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ ম্যাচে দুর্দান্ত খেলে আসর থেকে বিদায় করেছে শ্রীলঙ্কাকে।






