মতামত

বাংলাদেশের রাষ্ট্রচিন্তা

দ্বিতীয় ও শেষ পর্ব

বাংলাদেশের রাষ্ট্রচিন্তা

বাংলাদেশের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সংবিধানের মৌলিক রাষ্ট্রীয় নীতিগুলোর দিকে ফিরে তাকাতে হয়। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোতে এমন কিছু অঙ্গীকার রয়েছে, যেগুলোর সঙ্গে কল্যাণরাষ্ট্রের ধারণার মৌলিক মিল পাওয়া যায়।

সংবিধানের ১৫ অনুচ্ছেদে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে যুক্ত হয়েছে যুক্তিসংগত মজুরিতে কাজের অধিকার এবং অসুস্থতা, বেকারত্ব, অক্ষমতা ও বার্ধক্যসহ বিভিন্ন পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার বিষয়টিও।

১৬ অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব, বিদ্যুতায়ন, শিক্ষা, যোগাযোগ ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে শহর ও গ্রামের জীবনযাত্রার বৈষম্য কমানোর কথা বলা হয়েছে। ১৭ অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং নিরক্ষরতা দূরীকরণের কথা রয়েছে। ১৯ অনুচ্ছেদে নাগরিকদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং সম্পদের ন্যায্য বণ্টনের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কল্যাণরাষ্ট্রের অনেক মৌলিক উপাদান আগে থেকেই রয়েছে।

কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন সামনে আসে, সাংবিধানিক অঙ্গীকার এবং বাস্তব রাষ্ট্রব্যবস্থার মধ্যে এত দূরত্ব কেন? সংবিধানে চিকিৎসার কথা রয়েছে, কিন্তু একজন দরিদ্র মানুষকে কেন চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হতে হবে? শিক্ষার কথা রয়েছে, কিন্তু কেন মানসম্মত শিক্ষার সুযোগ এখনো পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর এতটা নির্ভরশীল? সামাজিক নিরাপত্তার কথা রয়েছে, কিন্তু কেন এত মানুষ বার্ধক্য, অসুস্থতা কিংবা কর্মহীনতার সময় অনিশ্চয়তায় পড়েন? এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীভবন, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং নাগরিক অধিকারের বাস্তব প্রয়োগের সংকট।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংবিধানের দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার মৌলিক নির্দেশনা হলেও ৮ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী এগুলো সরাসরি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। অর্থাৎ এসব অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর আইন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা অপরিহার্য। বাংলাদেশের রাষ্ট্রচিন্তার সংকট তাই শুধু নীতির অভাব নয়; বরং ঘোষিত নীতি বাস্তবায়নের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ঘাটতিও।

তাহলে কেমন রাষ্ট্র চাই?

মার্কস, রলস, সেন, স্যান্ডার্স এবং নর্ডিক কল্যাণরাষ্ট্রের অভিজ্ঞতা পাশাপাশি রাখলে একটি মানবিক রাষ্ট্রের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। প্রথমত, রাষ্ট্রকে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা দিতে হবে। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তা কোনো বিশেষ শ্রেণির মানুষের সুযোগ-সুবিধা হতে পারে না। এগুলো নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি। দ্বিতীয়ত, অর্থনৈতিক বৈষম্য কমাতে হবে। ব্যক্তিগত সম্পদ ও উদ্যোগের অধিকার থাকতে পারে। কিন্তু অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন যেন রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক সুযোগের ওপর একচেটিয়া প্রভাব বিস্তার করতে না পারে। করব্যবস্থা, সম্পদের ন্যায্য বণ্টন, শ্রমিকের অধিকার এবং সামাজিক সুরক্ষা এখানে গুরুত্বপূর্ণ।

তৃতীয়ত, গণতন্ত্রকে কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। নির্বাচন গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু গণতন্ত্রের পরিধি আরও বিস্তৃত। মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সংগঠন করার অধিকার এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

চতুর্থত, শিক্ষা ও স্বাস্থ্যকে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। শিক্ষিত, সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। হাসপাতাল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও গবেষণায় বিনিয়োগকে ব্যয় হিসেবে বিবেচনা করলে দীর্ঘমেয়াদে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে।

পঞ্চমত, রাষ্ট্রকে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে। দরিদ্র, প্রতিবন্ধী, নারী, শিশু, প্রবীণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিশেষ সহায়তা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ষষ্ঠত, উন্নয়নের মানদণ্ড বদলাতে হবে। শুধু জিডিপি বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ কিংবা বড় প্রকল্পের সংখ্যা দিয়ে রাষ্ট্রের সাফল্য পরিমাপ করা যাবে না। দেখতে হবে, মানুষের আয়, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, স্বাধীনতা এবং জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে।

এখানে একটি মৌলিক প্রশ্ন আছে। রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করবে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে কে? ইতিহাসের অভিজ্ঞতা বলে, জনকল্যাণের নামে রাষ্ট্রীয় ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত হলে ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। আবার রাষ্ট্রের ভূমিকা অতিরিক্ত সীমিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো ক্ষেত্রে বাজারের আর্থিক সামর্থ্যনির্ভর বৈষম্য বাড়তে পারে। তাই রাষ্ট্রের দায়িত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে পার্থক্য বুঝতে হবে।

রাষ্ট্রের দায়িত্ব হবে মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে রাষ্ট্র যেন নাগরিকের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন স্বাধীন বিচারব্যবস্থা, কার্যকর সংসদ, স্বাধীন সংবাদমাধ্যম, শক্তিশালী স্থানীয় সরকার, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। রাষ্ট্রের মালিক কোনো ব্যক্তি, দল, পরিবার কিংবা গোষ্ঠী নয়। রাষ্ট্রের প্রকৃত মালিক নাগরিক।

মার্কস আমাদের অর্থনৈতিক শোষণ ও শ্রেণিবৈষম্যের প্রশ্ন করতে শিখিয়েছেন। রলস শিখিয়েছেন ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্মাণের কথা। অমর্ত্য সেন দেখিয়েছেন, উন্নয়নের প্রকৃত অর্থ মানুষের সক্ষমতা ও স্বাধীনতার বিস্তার। বার্নি স্যান্ডার্স সমকালীন রাজনীতিতে স্বাস্থ্য, শিক্ষা ও শ্রমিকের অধিকারকে অর্থনৈতিক ন্যায়বিচারের আলোচনায় সামনে এনেছেন। আর নর্ডিক কল্যাণরাষ্ট্র দেখিয়েছে, গণতন্ত্র, বাজার অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার সমন্বয়ে একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

তাদের কেউই এককভাবে সব প্রশ্নের উত্তর দেননি। তাদের দর্শনের মধ্যে মতপার্থক্য আছে, সীমাবদ্ধতা আছে, বাস্তবায়ন নিয়ে বিতর্ক আছে। কিন্তু তাঁদের চিন্তা আমাদের একটি মৌলিক প্রশ্নের দিকে ফিরিয়ে নিয়ে যায় রাষ্ট্র কাদের জন্য?

আমি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে কোনো মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না। কোনো শিশু পারিবারিক দারিদ্র্যের কারণে তার মেধা বিকাশের সুযোগ হারাবে না। কোনো শ্রমিক সারাজীবন কাজ করেও অনিশ্চিত বার্ধক্যের ভয়ে থাকবেন না। কোনো নাগরিক রাষ্ট্রের সমালোচনা করার কারণে অধিকার হারাবেন না। একজন নারী, একজন প্রতিবন্ধী কিংবা একজন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও সমান মর্যাদায় বাঁচতে পারবেন। আমি এমন রাজনীতি চাই, যেখানে ক্ষমতা হবে মানুষের সেবা করার দায়িত্ব, সম্পদ হবে মানুষের কল্যাণের উপকরণ এবং উন্নয়ন হবে মানুষের জীবন বদলে দেওয়ার প্রক্রিয়া। মানুষের জন্য রাষ্ট্র এই হোক রাজনীতির দর্শন, রাষ্ট্রচিন্তার ভিত্তি এবং ভবিষ্যৎ সমাজ নির্মাণের অঙ্গীকার।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিষয়:অর্থনৈতিক শোষণ বাংলাদেশ মানুষের অধিকার রাষ্ট্রচিন্তা শ্রেণিবৈষম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…