অর্থনীতি

মেগা প্রকল্পের ঋণের কিস্তির চাপ, পরিশোধ করতে হবে প্রায় ১৯ হাজার কোটি টাকা

মেগা প্রকল্পের ঋণের কিস্তির চাপ, পরিশোধ করতে হবে প্রায় ১৯ হাজার কোটি টাকা

এআই ছবি

দেশের যোগাযোগ, বিদ্যুৎ ও বন্দর অবকাঠামোর সক্ষমতা বাড়াতে গত এক যুগে নেওয়া হয়েছে একের পর এক বড় প্রকল্প। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী ও পায়রা বিদ্যুৎ প্রকল্পসহ সাতটি বড় অবকাঠামো ও বিদ্যুৎ প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ৩৪ হাজার ৬০৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩ লাখ ১২ হাজার কোটি টাকা এসেছে ঋণ থেকে। সেই হিসাবে, ২০২৭ সালে ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ১৮ হাজার ৮৯৪ কোটি টাকা পরিশোধ করতে হবে। এসব প্রকল্পের ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসায় সরকারের বাজেট ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাড়তি চাপের আশঙ্কা তৈরি হয়েছে।  

প্রকল্পগুলোর ঋণ পরিশোধের সম্ভাব্য চাপের বিপরীতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটা সক্ষম, তা নিয়েও প্রশ্ন উঠছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর ২০২৬ তারিখে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভ ছিল ৩০ দশমিক ০৯ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব করলে মোট রিজার্ভের পরিমাণ প্রায় ৪ লাখ ১৯ হাজার কোটি টাকা এবং নিট রিজার্ভ প্রায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা।

অর্থাৎ, সাতটি বড় প্রকল্পের মোট ঋণের তুলনায় দেশের নিট রিজার্ভের পরিমাণ কিছুটা বেশি। তবে এ হিসাব দিয়ে ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। কারণ, প্রকল্পগুলোর পুরো ঋণ একসঙ্গে পরিশোধ করতে হবে না। অন্যদিকে, দেশের সব বৈদেশিক মুদ্রার রিজার্ভও এসব প্রকল্পের ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা সম্ভব নয়। আমদানি ব্যয়, জ্বালানি ও খাদ্য কেনা, অন্যান্য বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় রিজার্ভের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২০২৭ সালে সাতটি বড় প্রকল্পের ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হতে পারে প্রায় ১৮ হাজার ৮৯৪ কোটি টাকা, যা নিট রিজার্ভের ৫ দশমিক ২ শতাংশ। তবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কিস্তি, কর্ণফুলী টানেল এবং অন্যান্য প্রকল্পের অতিরিক্ত সুদ ও ঋণ পরিশোধের দায় যুক্ত হলে এ ব্যয় আরও বাড়বে। ফলে প্রশ্নটি শুধু রিজার্ভের পরিমাণের নয়, বরং একই সময়ে দেশের অন্যান্য বৈদেশিক দায় মিটিয়ে প্রয়োজনীয় ডলার হাতে রাখার সক্ষমতারও।

ছবি: সংগৃহীত

সাত প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় আর্থিক চাপ আসতে পারে রূপপুর ও মাতারবাড়ী থেকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ থেকে এ ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা। প্রথম বার্ষিক কিস্তি হিসেবে দিতে হবে ৫৬৯ মিলিয়ন ডলার। অন্যদিকে, মাতারবাড়ী প্রকল্পের ঋণ বাবদ ২০২৭ সালে ৫৩১ মিলিয়ন ডলার বা ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি পরিশোধ করতে হতে পারে। একই সময়ে দুটি বড় প্রকল্পের কিস্তি পরিশোধের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে।

এ ছাড়া পদ্মা সেতু, মেট্রোরেল, পদ্মা সেতু রেল সংযোগ এবং দোহাজারী-কক্সবাজার রেলপথের ঋণও সরকারের ওপর নিয়মিত দায় তৈরি করছে। বিশেষ করে দোহাজারী-কক্সবাজার রেলপথে ২০২৮ সাল থেকে তৃতীয় ধাপের ঋণ পরিশোধ শুরু হলে বছরে আসল বাবদ প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার দিতে হবে। এর সঙ্গে সুদ যুক্ত হবে। অন্যদিকে, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধে ইতিমধ্যে জটিলতা তৈরি হয়েছে। কিস্তির অর্থ জোগাড়ে সরকারের কাছে অর্থ চাওয়ার বিষয়টি প্রকল্পভিত্তিক ঋণ ব্যবস্থাপনার ঝুঁকিও সামনে এনেছে।

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সামগ্রিক চিত্রও স্বস্তিদায়ক নয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে আসল ও সুদ বাবদ ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অর্থাৎ বড় প্রকল্পগুলোর কিস্তি পরিশোধের পাশাপাশি দেশের সামগ্রিক বৈদেশিক ঋণের দায়ও বাড়ছে।

তবে রিজার্ভের ওপর প্রকৃত চাপ নির্ভর করবে আগামী দিনগুলোতে বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের ভারসাম্যের ওপর। রপ্তানি আয়, প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগ বাড়লে ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা শক্তিশালী হবে। বিপরীতে আমদানি ব্যয় বেড়ে গেলে কিংবা বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে গেলে একই পরিমাণ কিস্তি পরিশোধও কঠিন হয়ে উঠতে পারে। ডলারের বিনিময় হার বেড়ে গেলে টাকার হিসাবে ঋণ পরিশোধের ব্যয়ও বাড়বে।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল এখন বড় আর্থিক বোঝায় পরিণত হয়েছে। বিপুল ব্যয়ে নির্মিত এই অবকাঠামো থেকে প্রত্যাশিত আয় না আসায় পরিচালন ব্যয়ের পাশাপাশি ঋণ পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টানেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার ২৫৫ কোটি টাকা। অন্যদিকে, প্রকল্পের সংশোধিত ব্যয় দাঁড়ায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার ৭০ কোটি টাকা। বাকি অর্থ জোগান দিয়েছে বাংলাদেশ সরকার।

ঋণচুক্তি অনুযায়ী, ২ শতাংশ সুদ ও ০.২০ শতাংশ সার্ভিস চার্জসহ ১৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। সুদ বাদে মূল ঋণের হিসাবে বছরে গড়ে প্রায় ৪০৫ কোটি টাকা পরিশোধের হিসাব রয়েছে।

সম্ভাব্যতা সমীক্ষায় ২০২৫ সালে প্রতিদিন ২৮ হাজারের বেশি যানবাহন চলাচলের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে দৈনিক গড়ে চার হাজারের মতো যানবাহন টানেল ব্যবহার করছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে দৈনিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় ২৩ লাখ টাকা। বিপরীতে টোল আদায় হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা। ফলে প্রতিদিনই ঘাটতি থাকছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের।

২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের পর প্রথম তিন বছরে শুধু পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতেই লোকসান দাঁড়িয়েছে প্রায় ৪০১ কোটি টাকা। অবাস্তব যানবাহন চলাচলের পূর্বাভাস, সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতা এবং দুর্নীতির অভিযোগও প্রকল্পটিকে ঘিরে সমালোচনা বাড়িয়েছে।

এ পরিস্থিতিতে মেগা প্রকল্পগুলোর অর্থনৈতিক সুফল কত দ্রুত পাওয়া যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু ও রেল সংযোগের মাধ্যমে পরিবহন ব্যয় কমানো, মেট্রোরেলের মাধ্যমে নগর যোগাযোগ সহজ করা এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু প্রকল্প থেকে প্রত্যাশিত আয় ও সাশ্রয় না এলে ঋণের কিস্তি পরিশোধে সরকারের বাজেটের ওপর নির্ভরতা বাড়বে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)- এর নির্বাহী পরিচালক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সেলিম রায়হান চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমান বাংলাদেশে দৃশ্যমান উন্নয়নের প্রতীক হিসেবে যেসব মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে, তার একটি বড় অংশের অর্থায়ন এসেছে দেশি-বিদেশি ঋণের মাধ্যমে। এসব প্রকল্পের সুফল নিয়ে আলোচনা থাকলেও প্রশ্ন থেকে যায়, এই ঋণ পরিশোধের সক্ষমতা আমাদের অর্থনীতির কতটুকু রয়েছে?

চলতি বছরেই ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, ডলারের সংকট এবং রাজস্ব আয়ের সীমাবদ্ধতা অর্থনীতির দুর্বলতাগুলো সামনে এনেছে। আগামী বছর ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ আরও বাড়লে উন্নয়ন বাজেট সংকুচিত হওয়া, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমে যাওয়া, নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া এবং মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, যেসব প্রকল্পের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে, সেগুলো থেকে প্রত্যাশিত আয় ও অর্থনৈতিক সুফল সময়মতো না এলে সেই ঋণের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ জনগণকেই- কর, মূল্যস্ফীতি কিংবা কমে যাওয়া সরকারি সেবার মাধ্যমে। তাই এখন শুধু কত বড় প্রকল্প নির্মাণ করা হয়েছে, সেই সাফল্যের হিসাব করলেই চলবে না; বরং প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক লাভ, ঋণ পরিশোধের সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক ঝুঁকির স্বচ্ছ মূল্যায়ন জরুরি। কারণ ঋণ নিয়ে উন্নয়ন করা অপরাধ নয়, কিন্তু সেই ঋণ যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়নের সম্পদের চেয়ে দায়ের বোঝা বেশি তৈরি করে, তাহলে সেই উন্নয়নের টেকসই ভিত্তি নিয়েই প্রশ্ন উঠবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েদ নাইমুল ওয়াদুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে আগামী বছর ঋণের বোঝা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে বড় অবকাঠামো ও মেগা প্রকল্প বাস্তবায়নে নেওয়া বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বাড়বে। এতে বাজেটের বড় একটি অংশ ঋণ পরিশোধে ব্যয় হবে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অন্যান্য উন্নয়ন খাতে বরাদ্দ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার এমনিতেই অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। পাশাপাশি দারিদ্র্যও বেড়েছে। তাই ভবিষ্যতে নতুন প্রকল্প নেওয়ার আগে এর ব্যয়ভার বহনের সক্ষমতা এবং অর্থনৈতিক সুফল ভালোভাবে যাচাই করা জরুরি।

একই সঙ্গে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা করতে হবে। কোন প্রকল্প অব্যাহত রাখা সম্ভব এবং কোনটি অর্থনৈতিকভাবে টেকসই নয়, তা বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতের বিনিয়োগও গুরুত্বপূর্ণ। দেশের কর্মসংস্থানের বড় অংশই এ খাতের ওপর নির্ভরশীল। তাই সরকারকে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।

বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টির গতি কমে যেতে পারে। এ ছাড়া ঋণের অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে এবং প্রকল্পগুলো প্রত্যাশিত আয় ও কর্মসংস্থান তৈরি করতে পারছে কি না, তা মূল্যায়ন করতে হবে। কারণ বৈদেশিক মুদ্রার বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় হলে ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তাই ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ব্যয় নিয়ন্ত্রণ ও রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি প্রকল্পের অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে।

সব মিলিয়ে, বর্তমান রিজার্ভের পরিমাণ সাতটি প্রকল্পের মোট ঋণের চেয়ে বেশি হলেও তা দিয়ে ঋণের দায় নির্বিঘ্নে সামাল দেওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কারণ রিজার্ভ দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেনের নিরাপত্তাবলয়। এটি শুধু মেগা প্রকল্পের ঋণ পরিশোধের তহবিল নয়। তাই আগামী বছরগুলোতে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক দায় মেটানোর জন্য পর্যাপ্ত ডলার ধরে রাখাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। প্রকল্পগুলোর অর্থনৈতিক সুফল নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে না পারলে ঋণের চাপ একসময় রিজার্ভের ওপরও বাড়তি সংকট তৈরি করতে পারে।

বিষয়:ঋণ কিস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েদ নাইমুল ওয়াদুদ বৈদেশিক মুদ্রা মেগা প্রকল্প সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)- এর নির্বাহী পরিচালক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সেলিম রায়হান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…