ফুটবল

আমাদের প্রতিটি ম্যাচ ‘ফাইনালের’ মতো, বলছেন বাংলাদেশ কোচ

আমাদের প্রতিটি ম্যাচ ‘ফাইনালের’ মতো, বলছেন বাংলাদেশ কোচ

সাফ চ্যাম্পয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদের যোগ দেয়ার পর পুরো দলের চিত্রই বদলে গেছে। বাংলাদেশের চোখ এখন ফাইনালে। তার আগে সেমিফাইনালের ম্যাচও বাংলাদেশের কোচের চোখে ফাইনালের মতো। 

শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ। তার আগে শুক্রবার শেষদিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন সংবাদকর্মীদের উপচে পড়া ভীড় ছিল বাংলাদেশের অনুশীলন কাভার করার জন্য। বাংলাদেশ এবং হামজা চৌধুরীর অনুশীলন দেখতে ছিল সমর্থকদেরও উপচে পড়া ভীড়।

অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমে কথা বলেন জার্মান কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘আমাদের জন্য এই ম্যাচটি একটি ফাইনালের মতো। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো, তবে এই ম্যাচটি সত্যিকার অর্থেই তেমন কিছু। কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল। আমাদের সেমিফাইনালে জিততে হবে এবং ফাইনাল জিতে সাফ চ্যাম্পিয়ন হতে হবে, এটাই আমাদের লক্ষ্য।’

‘এ ধরনের ম্যাচে আপনি যদি গত ম্যাচের মতো আনন্দ এবং উদ্দীপনা ধরে রাখতে পারেন, তবে এক দিন বা দুই-তিন দিন বিশ্রাম পাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এটি মূলত মানসিক বিষয়। শারীরিক ও মানসিকভাবে আপনি ম্যাচটির জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন। গত ম্যাচের প্রস্তুতি নিয়ে আমি দারুণ খুশি ছিলাম। অসাধারণ পারফরম্যান্স পেতে হলে অসাধারণ প্রস্তুতির প্রয়োজন হয়।’

শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের কথা উল্লেখ করে থমাস ডুলি বলেন, ‘গত ম্যাচের আগে ওয়ার্ম-আপ ছিল দুর্দান্ত, গত কয়েক বছরের মধ্যে সেরা। খেলোয়াড়রা মনোযোগী ছিল, ইতিবাচক ছিল এবং একে অপরকে সাহায্য করছিল। আমি ড্রেসিংরুমেও বলেছিলাম, তোমরা যদি ওয়ার্ম-আপের মতো খেলতে পারো, তবে সবকিছু ঠিক পথেই এগোবে এবং তাই হয়েছে।

‘দলের বর্তমান পরিবেশ ও মানসিকতা দারুণ। যারা খেলছে না, তারাও অনুশীলনে নিজেদের প্রমাণ করতে মরিয়া, যা দলের ভেতর সুস্থ প্রতিযোগিতা বাড়াচ্ছে। দলে কোনো ইগো বা অহংবোধ নেই, সবাই একটাই লক্ষ্যে কাজ করছে সাফ টুর্নামেন্ট জেতা।’

সাফে এবার ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনা উঠেছে থমাস ডুলির দল। শ্রীলঙ্কা ম্যাচে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং রাকিব হোসেন। শনিবার সেমিফাইনাল ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।

বিষয়:ডুলি পাকিস্তান ফারহান বাংলাদেশ রাকিব শমিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…