ইয়ংয়ের সেঞ্চুরি, হেনরির ৬ উইকেট, ভারতকে রেকর্ডে হারাল নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচের ওয়ানডে সেঞ্চুরি

প্রথমে উইল ইয়ংয়ের সেঞ্চুরি, পরে ম্যাট হেনরির ৬ উইকেট, ভারতকে রীতিমত উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে জিতেছিলেন কোহলি-রোহিতরা, তৃতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত। চতুর্থ ওয়ানডেতে বড় জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল কিউইরা। ২৪৪ রানের রেকর্ড গড়া জয় তুলেছে মিচেল স্যান্টনারের দল।
আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯০ রানে জিতেছিল কিউইরা, দেশটি আইসিসির পূর্ণ সদস্য নয়। ভারতের বিপক্ষেও এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। ওয়ানডেতে এটি ভারতের দ্বিতীয় বড় ব্যবধানে হার। প্রথমটি কেবল ১ রানের পার্থক্যে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে ২৪৫ রানে হেরেছিল তারা।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সফরকারী অধিনায়ক শ্রেয়াস আয়ার। নেমে ৫০ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। রানতাড়ায় ২৬.৪ ওভারে সবে ৮৯ রানেই গুটিয়ে যায় ভারত।
জবাব দিতে নেমে খাতা খোলার আগে তিন উইকেট হারিয়ে বসে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আয়ার কোন রান করতে পারেননি। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় করেন ৫ রান। ঈশান কিষাণ সর্বোচ্চ ২৭ রান করেন। অক্ষর পাটেল ২১ এবং নামান ধীর ২১ করেন।
কিউইদের হয়ে হেনরি ৯.৪ ওভারে ২ মেডেনে ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। ম্যাথিউ ফিশার ৩টি এবং কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছেন।
আগে ব্যাটে নেমে ওপেনার ইয়ং ১৪ চার ও ৪ ছক্কায় ১০৮ বলে ১২৫ রান করেন। আরেক ওপেনার টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ করেন। ফিন অ্যালেন ৪১, স্যান্টনার ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ রান করে অবদান রাখেন। জেমিসন ১৯ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আকিব নবী, গুরনুর ব্রার এবং অক্ষর পাটেল। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং নামান ধীর।
একই মাঠে সিরিজের পঞ্চম ম্যাচ রোববার। বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে দুদল।





