অপরাধ

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

সংগৃহীত

খাবারের সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডার জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় রেস্টুরেন্টটির ২৫-৩০ জন কর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী বীর উত্তম একে খন্দকার সড়কে দূরবীন বাংলা রেস্টুরেন্টে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেছেন, প্রথমে একটা ছেলে এসেছিলেন। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্তোরাঁর একজন কর্মী সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করতে চান। ওই ছেলে ছাত্র হতে পারে, সেটা বুঝে রেস্তোরাঁর কর্মী তাকে আরেকটি জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতে তিনি খেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান।

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘সিরিয়াল দেওয়া নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রেস্টুরেন্টের কয়েকজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও বলেন, ‘রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে, হামলাকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ থানায় দেয়নি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।’

বিষয়:খাবারের জন্য সিরিয়াল দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর সরকারি তিতুমীর কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…